নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের এক আবাসনে গত ১২ জুন ভোররাতে আগুন লাগে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়, আবাসনের পার্কিং লটের আগুন থেকেই দুর্ঘটনা। কিন্তু পুলিশি তদন্তে জানা গিয়েছে, ইচ্ছা করেই আগুন লাগানো হয়েছিল। সেই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই তুঘলকাবাদে আগুন লাগার খবর সামনে আসে। তদন্তে সামনে আসে, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর নেপথ্যে রয়েছে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে আর্থিক বিবাদ। নিরঞ্জনের খুড়তুতো ভাই ওই ভবনের পঞ্চম তলায় থাকতেন। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিবাদ। বদলা নিতেই আগুন লাগানোর ষড়যন্ত্র। অভিযুক্ত নিরঞ্জন, তার ভাই রাজকুমার এবং সরিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সি এক কিশোরীকেও আটক করা হয়েছে। পুলিশের দাবি, গত ১২ জুন আবাসনের নীচে দাঁড়িয়ে থাকা স্কুটারে আগুন লাগানোর কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। সরিতার প্ররোচনাতেই সে এই কাজ করেছে বলেও জানিয়েছে। সেই আগুন দ্রুত ছড়িয়ে গোটা ভবনকে গ্রাস করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও আগুন লাগার কিছুক্ষণ আগে ওই কিশোরীকে দেখা যায়। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়।