Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান সংযোগকারী রাস্তা বিপজ্জনক দশায়, ক্ষোভ

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের ঢালাই রাস্তা। মাঝখানে তৈরি হয়েছে বড়ো বড়ো ফাটল

প্রধান সংযোগকারী রাস্তা বিপজ্জনক দশায়, ক্ষোভ
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের ঢালাই রাস্তা। মাঝখানে তৈরি হয়েছে বড়ো বড়ো ফাটল। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। জানা গিয়েছে, সাগরের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের চক ফুলডুবি বাজার থেকে বাগপাড়া গ্রাম পর্যন্ত যাওয়ার জন্য একটিমাত্র প্রধান সংযোগকারী রাস্তা রয়েছে। অতীতে রাস্তাটি মাটির ছিল। পরে সেটিকে ঢালাই করা হয়। কিন্তু বর্তমান রাস্তাটির প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ইট ও মাটি দিয়ে রাস্তাটি মেরামত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। এখন পুরো রাস্তাটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে।

Advertisement

গ্রামবাসীদের দাবি, ওই রাস্তার পাশ দিয়ে একটি খাল বয়ে গিয়েছে। সেখানে জোয়ার-ভাটা খেলে। কোনোভাবে যদি ওই রাস্তাটিতে ধস নামে, তাহলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে। বিঘার পর বিঘা জমি ক্ষতিগ্রস্ত হবে। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি।এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবাশিস বেরা বলেন, ঢালাই রাস্তা তৈরি করার সময় পাশে পাইলিং দেওয়া হয়নি। অনেক পরে পাইলিং দেওয়া হয়েছে। যে কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যাতায়াতের ক্ষেত্রে প্রায় সময় ছোটখাট দুর্ঘটনা ঘটে থাকে। স্কুলের ছাত্রছাত্রীরা সাইকেলে করে যাওয়ার সময় প্রায় পড়ে গিয়ে চোট পায়। এমনকি বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় টোটো উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এক পশলা বৃষ্টি হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তখন এই রাস্তা দিয়ে যাতায়াতই করা যায় না। মূলত প্রশাসনের অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই রাস্তাটি মেরামত করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ