


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারকের বাড়ি থেকে সোনার গয়না হাতানোর অভিযোগে গ্রেপ্তার করা হল পরিচারিকাকে। বিচারকের মেয়ের বিয়ের গয়না অভিযুক্ত মহিলা সরিয়েছিল বলে অভিযোগ। শিবানী সরকার নামে ওই পরিচারিকাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারকের বাড়ি যাদবপুর এলাকায়। তাঁর মেয়ের বিয়ে ছিল ৯ মার্চ। সেই উপলক্ষ্যে তাঁকে পরিবারের লোকজন গয়না দিয়ে আর্শীবাদ করেন। গয়নাগুলি প্রথমে আলমারিতে রাখা হয়। রাতে সেগুলি বের করেন পরিবারের লোকজন। বিছানায় চাদর মোড়া ছিল। বিচারকের স্ত্রী ব্যক্তিগত কাজে সকালে ওই ঘরের বাইরে আসেন কিছুক্ষণের জন্য। তিনি যে ঘরে ছিলেন হঠাৎ খেয়াল করেন, কেউ সেই ঘরের শিকল বাইরে থেকে টেনে দিয়েছে। যে কারণে বাইরে বেরতে পারছিলেন না। ফোন করে আত্মীয়দের ডাকলে তাঁরা এসে শিকল খুলে দেন। তিনি খেয়াল করেন, যে ঘরে গয়নাগুলি ছিল সেখান থেকে শিবানী দৌড়ে বেরিয়ে যাচ্ছে। তার কাছে কিছু একটা রয়েছে। স্বাভাবিকভাবেই শিবানীর উপর সন্দেহ গিয়ে পড়ে পরিবারের সকলে। বিয়ে মিটতেই শনিবার যাদবপুর থানায় ওই বিচারকের পরিবারের তরফে অভিযোগ করা হয়। তাতে উল্লেখ করা হয়, নেকলেস, হার সহ একাধিক সোনার গয়না চুরি গিয়েছে। চুরি যাওয়া অলংকারের মূল্য প্রায় চার লক্ষ টাকা। পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ করেন। তদন্তে নেমে শিবানীকে ওই বাড়ি থেকে আটক করা হয়। কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, শিবানী ওই বাড়িতে ১৪ বছর ধরে কাজ করছে। কোনোদিন তার প্রতি কেউ সন্দেহ করেনি।