Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

১০ ও ১১ অক্টোবর টাইমস স্কোয়ারে মহালয়া-দুর্গোৎসব

এ যেন সংস্কৃতির শেকড়ে প্রবেশ। হোক না বিদেশ। নাই বা থাকল কাশের দোলা। তবু তো বাঙালি হৃদয়। সেই হৃদয় তো পুজোর আনন্দে মাতোয়ারা হবেই।

১০ ও ১১ অক্টোবর টাইমস  স্কোয়ারে মহালয়া-দুর্গোৎসব
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভিক্টর বাগ: এ যেন সংস্কৃতির শেকড়ে প্রবেশ। হোক না বিদেশ। নাই বা থাকল কাশের দোলা। তবু তো বাঙালি হৃদয়। সেই হৃদয় তো পুজোর আনন্দে মাতোয়ারা হবেই। তাই আমেরিকা হোক বা বিশ্বের যে কোনো প্রান্ত। কাজের চাপ, হাজারো ব্যস্ততা যতই থাকুক, পুজোয় বাঙালি ফিরে আসে শিকড়ের টানে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারও এবার মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের পুজো এবার দ্বিতীয় বছরে পড়ল। এবছরে তাদের পুজো হবে ১০ ও ১১ অক্টোবর। মহালয়া আর পুজো মিলেমিশে এবার এক আনন্দযজ্ঞের আয়োজন এখানে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গীতাপাঠ, নৃত্য, সংগীত ও তারকাদের কনসার্টের মাধ্যমে এবার ওই দু’দিন পুজোর আনন্দে কাটাবে টাইমস স্কোয়ার। মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। এভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানের ডালি।

Advertisement

১০ অক্টোবর মহালয়ার অনুষ্ঠানে নিউ ইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। এই গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। এরপর মালবিকা চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংগীত সাধনা অ্যাকাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সংগীতানুষ্ঠান। উৎসবের অন্যতম আকর্ষণ হবে নৃত্য পরিবেশনা। চন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন এই নৃত্যানুষ্ঠানে। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও নৃত্য পরিবেশন করবেন। দ্বিতীয় দিন ১১ অক্টোবর রবিবার শুরু হবে দুর্গাপূজা। এদিন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখোপাধ্যায় ও তাঁর ব্যান্ডের কনসার্টও অনুষ্ঠিত হবে। 
পুজোর আয়োজন হয়েছে নিউ ইয়র্ক থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের শহর নিউ জার্সিতেও। দ্য গার্ডেন স্টেট পুজো কমিটির (জিএসপিসি) দুর্গাপুজো এবার ৪৫ বছরে পড়ল। ১৬ থেকে ১৮ অক্টোবর নিউ জার্সির উইলিয়াম এল ডাইকিনসনস’ হাইস্কুলে বসবে পুজোর আসর। এখানে এবার পুজোর অনুষ্ঠানের দিনগুলিতে তারকা সমারোহ ঘটতে চলেছে। কলকাতা থেকে যাচ্ছেন বহু সংগীত শিল্পী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বোস এবং পরশপাথর ব্যান্ড এবার অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজমকেও  পারফর্ম করতে দেখা যাবে জিএসপিসি-র মঞ্চে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ