ভোপাল: উপযুক্ত তথ্য-প্রমাণ নেই। প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের কাউকেই শনাক্ত করতে পারেনি। এর জেরে বেকসুর খালাস ২০২২ সালে মধ্যপ্রদেশে রামনবমীর হিংসার ঘটনায় জড়িত ১১ জন। রাজ্যের খারগোনের এক আদালত তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ১৩ জনের মধ্যে আটজন প্রত্যক্ষদর্শী অভিযুক্তদের চিহ্নিতই করতে পারেনি। বাকিদের জবানবন্দিতেও অসঙ্গতি মিলেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে এই নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পাথর ছোড়া, বাড়িতে অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ উঠেছিল। ২০২২ সাল। মধ্যপ্রদেশের খারগোনে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়কি সংঘর্ষ বাধে। সেখানে সম্পত্তি নষ্ট, পাথর বৃষ্টি, অগ্নিসংযোগ সহ একাধিক ঘটনা ঘটে। ৬ পুলিশ সহ ২৪ জন জখম হয়েছিলেন। উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে খারগোনে তিন সপ্তাহেরও বেশি কার্ফু ছিল।



