Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেলিভারি বয় প্রেমিককে নিয়ে বাইক চুরি এমএ পড়ুয়া তরুণীর, গ্রেপ্তার ২

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে মাস্টার অব সোশ্যাল ওয়ার্কের (এমএসডব্লু) ছাত্রী। আর তাঁর বন্ধু তথা প্রেমিক পেশায় ডেলিভারি বয়।

ডেলিভারি বয় প্রেমিককে নিয়ে বাইক চুরি এমএ পড়ুয়া তরুণীর, গ্রেপ্তার ২
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে মাস্টার অব সোশ্যাল ওয়ার্কের (এমএসডব্লু) ছাত্রী। আর তাঁর বন্ধু তথা প্রেমিক পেশায় ডেলিভারি বয়। পড়ার চাপ কম থাকলে নিজের স্কুটারে চেপেই প্রেমিকের সঙ্গে রহড়া, নিমতা সহ উত্তর শহরতলির বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন ছাত্রী। আর ‘সুযোগ’ পেলে? চুরির পর চুরি। তবে শুধুই বাইক-স্কুটার। অন্য কিছু নয়। শহরতলির ওই এলাকায় পরপর বাইক চুরির তদন্তে নেমে অবশেষে এই দুই ‘রত্ন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাও হপ্তাখানেক ধরে গোরুখোঁজার পর। এবং ১৫ কিমি রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সৌরভ সান্নামঠ ও জিনিয়া রুদ্র। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতের বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

সম্প্রতি রহড়া এলাকায় পরপর তিনটি বাইক চুরির ঘটনা ঘটে। বাড়ির সামনে রাখা বাইক উধাও হয়ে যাচ্ছে রাতে। একের পর এক অভিযোগে নাজেহাল পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। থানা এলাকা সহ আশপাশের এলাকার ছিঁচকে চোরদের তুলে আনা হয়। বিভিন্ন সোর্স কাজে লাগানো হয়। তারপরও চুরির কিনারা হচ্ছিল না। এরই মধ্যে একটি সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে আসে। তাতে দেখা যাচ্ছে, একটি বাইকে আসছে যুবক-যুবতী। মধ্যরাতে। বাড়ির বাইরে রাখা একটি বাইকের সামনে তারা দাঁড়াচ্ছে। তারপর দু’জন দু’টি বাইকে চেপে উধাও। এরপরই কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ আশপাশের বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ শুরু করে পুলিশ। প্রায় ১৫ কিমি রাস্তার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রথমে জিনিয়া রুদ্রকে শনাক্ত করে। রবিবার বেলঘরিয়া নন্দননগরের ঠাকুরবাড়ি সরণি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিনিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় রহড়ার অরুণাচল এলাকার বাসিন্দা সৌরভ সান্নামঠকে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, জিনিয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্রী। অন্যদিকে, সৌরভ ডেলিভারি বয়ের কাজ করত। তাঁদের মধ্যে প্রথমে বন্ধুত্ব হয়। তার থেকে প্রেমের সম্পর্ক। দিনভর ডেলিভারির সময় কোন বাড়ির সামনে পুরানো বাইক রয়েছে, তা দেখে নিত সৌরভ। কখনো আবার ওই ছাত্রীও সৌরভের বাইকের পিছনে চেপে বেরিয়ে পড়ত। আগে থেকে রেকি করে অপারেশনে নামত তারা। মূলত তারা টার্গেট করত পাঁচ-সাত বছরের পুরানো বাইক-স্কুটারকে। পুরানো বাইকে যেহেতু চাবির মাপ মোটামুটি এক হত, তাই সেগুলিই থাকত নিশানায়। যাতে যে কোনো বাইকের চাবি দিলেই স্টার্ট হয়ে যায়। চুরির টার্গেট নিয়ে বেরলে একই বাইকে দু’জন যেত। বাইক চুরি করে দু’জন দু’টি বাইকে নিয়ে পালাত। তদন্তকারীদের দাবি, নিমতায় দু’টি, রহড়া ও বেলঘরিয়ায় তিনটি করে মোট আটটি বাইক চুরির সঙ্গে তারা যুক্ত। বাকি আর কোথায় এই ‘জুটি’ বাইক চুরি করেছে এবং কাকে কত টাকায় বিক্রি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ