সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার বিষ্ণুপুরে ‘মা আহার’ ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা করেন বিষ্ণুপুরে বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন থেকে পাঁচটাকায় মাছ ভাত চালু হয়। এদিন বিধায়ক অন্যান্যদের সঙ্গে মেঝেয় বসে ক্যান্টিনের খাবার খান। খাবারের মানও বেশ ভালো বলে জানান। পাঁচটাকায় মাছ ভাত পেয়ে ভীষণ খুশি ক্যান্টিনে আসা দুঃস্থ মানুষজনও।
বিধায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন মা আহারে শুধু ডিম ভাত খায়ানো হবে না। বরাদ্দ বাড়িয়ে পাঁচ টাকায় মাছ-ভাত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন। এদিন থেকে তার সূচনা হয়েছে। এদিন আমি নিজে ক্যান্টিনের খাবার খেয়ে পরখ করেছি। খুব ভালো রান্না হয়েছে। খাবারের মান যাচাই করার জন্য মাঝে মধ্যে পরিদর্শন করব।
পুরসভার তরফে মা আহার পরিচালনার দায়িত্বে থাকা তারকনাথ চক্রবর্তী বলেন, বিষ্ণুপুর বাসস্ট্যান্ড ও জেলা হাসপাতালে পুরসভার তরফে ক্যান্টিন চালানো হয়। আগে শুধু সেখানে ডিম-ভাত কমিলত। এদিন থেকে সপ্তাহে দু’দিন মাছ, চারদিন ডিম এবং একদিন সবজি ভাত খাওয়ানো হবে। আগে মিল পিছু মাত্র ১০টাকা বরাদ্দ ছিল। নতুন সরকার তা বাড়িয়ে ২০টাকা করেছে।
বিষ্ণুপুরের ভড়া গ্রাম থেকে আসা এক ব্যক্তি বলেন, আমি বিষ্ণুপুরে কাজে এলে এখানে পাঁচ টাকার কুপন কেটে ক্যান্টিনে ডিম-ভাত খাই। এদিন শুনলাম পাঁচ টাকাতেই মাছ-ভাত পাওয়া যাবে। তাই এদিন কুপন কেটে লাইনে দাঁড়িয়েছি। বিষ্ণুপুরের একাধিক বাসিন্দা এদিন কুপনের লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই মাছ-ভাতের কথা শুনে ভীষণ খুশি।