Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টানা চতুর্থ হারে চাপে লখনউ, রাজস্থানকে টানলেন জাড্ডু

ম্যাচ আসে, ম্যাচ যায়— লখনউ সুপার জায়ান্টসের খেলায় কোনও বদল হয় না। বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৪০ রানে বশ মানলেন ঋষভ পন্থরা।

টানা চতুর্থ হারে চাপে লখনউ, রাজস্থানকে টানলেন জাড্ডু
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ম্যাচ আসে, ম্যাচ যায়— লখনউ সুপার জায়ান্টসের খেলায় কোনও বদল হয় না। বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৪০ রানে বশ মানলেন ঋষভ পন্থরা। সেই সুবাদে টানা চার ম্যাচে হেরে প্লে-অফের পথটা কঠিন থেকে কঠিনতর হল সঞ্জীব গোয়েঙ্কার দলের। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রান তোলে মরু শহরের দলটি। জবাবে দু’ওভার বাকি থাকতে ১১৯ রানে গুটিয়ে গেল লখনউয়ের ইনিংস। ব্যাট হাতে মিচেল মার্শ (৫৫) ছাড়া কেউ ভরসা জোগাতে পারেনি। রাজস্থানের হয়ে তিনটি উইকেট নেন জোফ্রা আর্চার। পাশাপাশি চাপের মুখে ব্যাট হাতে দলকে ভরসা জোগান রবীন্দ্র জাদেজা। তাঁর ৪৩ রানের ইনিংসের সুবাদে দেড়শোর গণ্ডি টপকায় রয়্যালস। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। আর হেরে নবম স্থানেই রইল লখনউ।

Advertisement

কথায় আছে, পুরানো চাল ভাতে বাড়ে। মহম্মদ সামির ক্ষেত্রে এই উপমা যথোপযুক্ত। ছাব্বিশের আইপিএলে দুরন্ত ফর্মে তারকা পেসার। বুধবার ফের জ্বলে উঠলেন। শুরুতেই দু’টো উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেন প্রতিপক্ষকে। সেটা সামলে উঠতে বেশ বেগ পেত হল রাজস্থানের বাকি ব্যাটারদের। সামির বলে ২২ রানে কট বিহাইন্ড হন যশস্বী জয়সওয়াল। একই ওভারে সামির দ্বিতীয় শিকার ধ্রুব জুরেল (০)। এরপর মহসিন খানের বলে রাঠীর হাতে ৮ রানে ধরা পড়েন বৈভব (৮)। ধাক্কা সামলে দলকে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। ১৯ বলে তাঁর সংগ্রহ ২০। হেটমায়ার শুরুটা ভালো করেও ২২ রানে আউট হন। একটা সময় মনে হয়েছিল দেড়শোর গণ্ডি হয়তো টপকাতে পারবে না রাজস্থান। কিন্তু কঠিন সময়ে দলকে ভরসা জোগান ‘স্যার’ জাদেজা। ২৯ বলে তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন। মহসিন খান (২-১৭) ও প্রিন্স যাদবের মতো দু’উইকেট নেন সামিও (২-৩০)।
জবাবে শুরুতেই পর পর তিন উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে লখনউ। মিচেল মার্শ শুরুটা ভালো করলেও আয়ূষ বাদোনির (০) রান আউট পুরো ছবিটা বদলে দেয়। খাতা না খুলেই ডাগ-আউটে ফেরেন ক্যাপ্টেন ঋষভ পন্থ ও আইডেন মার্করামও। এরপর নিকোলাস পুরানকে (২২) নিয়ে কিছুটা লড়াই চালান অজি তারকা। তবে জাদেজার বলে ক্যারিবিয়ান ব্যাটারটি ফিরতেই আরও চাপে পড়ে লখনউ। শেষ পর্যন্ত ৪১ বলে ৫৫ রানে মার্শ ফিরতেই জয় নিশ্চিত হয় রাজস্থানের।

সম্পর্কিত সংবাদ