Bartaman Logo
২৫ জুন, ২০২৬

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ সুব্রমণি

ভারতের নয়া চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি। দুই পড়শি দেশ চীন ও পাকিস্তানের রণকৌশল সম্পর্কে তিনি বিশেষভাবে অবগত।

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ সুব্রমণি
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের নয়া চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি। দুই পড়শি দেশ চীন ও পাকিস্তানের রণকৌশল সম্পর্কে তিনি বিশেষভাবে অবগত। বিশেষজ্ঞদের কথায়, দুই দেশের যুদ্ধনীতি থেকে কূটনীতি সবটাই হাতের তালুর মতো চেনেন তিনি। অপারেশন সিন্দুরের বর্ষপূর্তির দিন দুয়েক পর শনিবার তাঁকেই তিন বাহিনীর শীর্ষ পদে নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধান হিসাবে কাজ করবেন সুব্রমণি।

Advertisement

বর্তমানে চিফ অব ডিফেন্স স্টাফ পদে রয়েছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তারপরই সিডিএস পদে বসবেন সুব্রমণি। এক বিবৃতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সিডিএস-এর দায়িত্ব পালনের পাশাপাশি সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসাবেও কাজ করবেন তিনি। এদিন নৌসেনা প্রধানের নামও ঘোষণা করা হয়েছে। এই পদে বসছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। বর্তমানে নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তারপরই দায়িত্ব নেবেন স্বামীনাথন।
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় সেনার নানা বিভাগে কাজ করেছেন সুব্রমণি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ছাত্র ছিলেন সুব্রমণি। ১৯৮৫ সালে গাড়ওয়াল রাইফেলসের অষ্টম ব্যাটেলিয়নে যোগ দেন ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজের প্রাক্তনী। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফের দায়িত্ব সামলেছেন। সেনার ওয়েস্টার্ন কম্যান্ডেও বহু অপারেশনে নেতৃত্ব দিয়েছেন তিনি। অবসরের পর জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসাবে নিযুক্ত ছিলেন। অন্যদিকে, স্বামীনাথন বর্তমানে পশ্চিম নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে কর্তব্যরত।

Advertisement
সম্পর্কিত সংবাদ