Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিস্টনের দুরন্ত গোলে জয় মোহন বাগানের

লিস্টনের দুরন্ত গোলে জয় মোহন বাগানের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: যুবভারতীর গেট দিয়ে ঢুকেই ‘জয় মোহন বাগান’ লেখা ঢাউস সেলফি জোন। ম্যাচ শেষে সেখানেই উপচে পড়ল লিস্টন কোলাসোর কাট-আউট নিয়ে ছবি তোলার হিড়িক। সোমবার তাঁর গোলেই ঘরের মাঠে বেঙ্গালুরুকে বশ মানাল মোহন বাগান। বিরাট টিফো, ব্যান্ড নিয়ে মাঠে হাজির ছিলেন সমর্থকরা। বাড়ি ফেরার সময় তাঁদের মুখে লক্ষ ওয়াটের আলো। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ডের দিকে পা বাড়িয়ে রাখল হোসে মোলিনা ব্রিগেড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে থাকল বাগিচা শহরের ফ্র্যাঞ্চাইজি দলটি।  
Advertisement
জিতলেও সোমবার সন্ধ্যায় অত্যন্ত অগোছাল ফুটবল খেলেছে মোলিনার দল। তাছাড়া গত দু’টি ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে ড্র করায় ফুটবলারদের আত্মবিশ্বাস ছিল তলানিতে। কার্ড সমস্যায় আশিস রাই না থাকায় এদিন প্রথম একাদশে সুযোগ পান দীপ্যেন্দু বিশ্বাস। তাঁর লড়াকু পারফরম্যান্স নিশ্চয়ই কোচকে নিশ্চিন্ত করবে। তবে শুভাশিস বসু এই দলের খনি। তাঁর কাছে বল গেলেই সমর্থকদের একাংশ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেন। নিজের পারফরম্যান্স কাটাছেঁড়া করলে বুঝতে পারবেন, কেন জাতীয় দল থেকে তাঁকে বাদ পড়তে হয়েছে। খুব কাছাকাছি রাখতে হবে বিশাল অর্থ খরচ করে নেওয়া জেমি ম্যাকলারেনকেও। কেন যে তাঁকে প্রতি ম্যাচের প্রথম একাদশে রাখা হচ্ছে? এদিনও রাহুল ভেকের কাছে আটকে গেলেন তিনি। তাঁর পরিবর্তে কামিংসকে সুযোগ দিলে মোহন বাগানের আপফ্রন্টকে অনেক বেশি রঙিন দেখাবে। এদিন খেলা দেখে মনে হল, ফিটনেসের অভাবে এখনও ভুগছেন গ্রেগ স্টুয়ার্ট। সত্যি বলতে, লিস্টনের অনবদ্য গোল সোমবার মোহন বাগানের অনেক ভুলত্রুটি ঢেকে দিল।
প্রথমার্ধে বেঙ্গালুরুর খেলায় পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। ভারতীয় ডিফেন্ডারদের নিয়ে গড়া রক্ষণকে সহযোগিতার হাত বাড়ালেন নাগুয়েরোরা। পক্ষান্তরে, প্রান্তিক আক্রমণ গড়তে না পেরে অত্যন্ত সাদামাটা মোহন বাগান। অসংখ্য মিস পাস ও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এর প্রধান কারণ। মোলিনার দলে এমন কোনও সেন্ট্রাল মিডফিল্ডার নেই যিনি ‘ডাউন দ্য মিডল’ দৌড়ে বিপক্ষ রক্ষণকে ফালাফালা করে দিতে পারেন। কেউ কেউ সাহাল আব্দুল সামাদকে নিয়ে লাফালাফি করলেও তিনি মোটেই আহামরি নন। প্রথমার্ধে অবশ্য দুই দলই গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি। সংযোজিত সময়ে সুনীল আরেকটু তৎপর হলে লিড নিত বাগিচা শহরের দলটি। 
বিরতির পর মাঠে নেমেও মোহন বাগানের মধ্যে মরিয়া ভাব দেখা যায়নি। এই পর্বেও মেনডিসদের চাপে কাঁপল মোলিনার রক্ষণ। পেড্রো কাপোকে দিয়ে স্টুয়ার্টকে আটকে রেখে বিপক্ষের সাপ্লাই লাইন কেটে দিয়েছিলেন বিএফসি কোচ জেরার্ড জারাগোজা। বিপদ নাকের উপরে উঠতেই ত্রাতার ভূমিকা নিলেন লিস্টন। গ্রেগ স্টুয়ার্টের সেন্টার রাহুল ভেকে হেডে ক্লিয়ার করায় বল চলে আসে বক্সের ঠিক বাইরে দাঁড়ানো লিস্টনের কাছে। ডান পায়ের গোলার মতো ভলিতে গুরপ্রীতকে হার মানান তিনি (১-০)। লক্ষ্যভেদের আনন্দে জার্সি খুলে সমর্থকদের দিকে দৌড় লাগান গোয়ানিজ উইঙ্গার। তারপরেই জোড়া বদল করলেন মোলিনা। স্টুয়ার্টের বদলে কামিংস ও লিস্টনের পরিবর্তে আশিক কুরুনিয়ানকে মাঠে নামান স্প্যানিশ কোচ। সংযোজিত সময়ে ম্যাকলারেনের জায়গায় নামেন দিমিত্রি পেত্রাতোস। এই পর্বে রাহুল ভেকের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হতেই তিন পয়েন্ট নিশ্চিত করে মোহন বাগান।
মোহন বাগান: বিশাল, দীপ্যেন্দু, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, দীপক, অপুইয়া, লিস্টন (আশিক), স্টুয়ার্ট (কামিংস), মনবীর ও ম্যাকলারেন (দিমিত্রি)।

মোহন বাগান- ১ (লিস্টন)            :                বেঙ্গালুরু এফসি-০
Advertisement
সম্পর্কিত সংবাদ