Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নচাপ সরল ওড়িশায়, ভালো বৃষ্টি পেল না দক্ষিণবঙ্গ, কাল থেকে উত্তরে ব্যাপক বর্ষণের সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব, ওড়িশায় বেশি বৃষ্টি। আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত পড়ুন।

নিম্নচাপ সরল ওড়িশায়, ভালো বৃষ্টি পেল না দক্ষিণবঙ্গ, কাল থেকে উত্তরে ব্যাপক বর্ষণের সম্ভাবনা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়ালেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বেশি বৃষ্টি হল না। আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপ ও বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির জন্য বৃষ্টির মেঘের বেশিরভাগটাই ওড়িশার দিকে চলে যায়। তাই বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে সেদিকেই। অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে মাঝেমধ্যে। মেদিনীপুর জেলায় বিকেল পর্যন্ত বৃষ্টি কিছুটা বেশি হয়েছে। 

Advertisement

আলিপুর ওয়েদার অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, নিম্নচাপটি যতটা শক্তিশালী হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ততটা হয়নি। এর প্রভাবে ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হবে। নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পরেও দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা। জুলাই মাসের প্রথম নিম্নচাপটির মতো এটিও ওড়িশা-ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়  দিকে যেতে পারে। ফলে প্রথমে মধ্য এবং পরে উত্তর ভারতের কিছু অংশে বৃষ্টি বাড়তে পারে। মনে করছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অবশ্য এদিনও জানিয়েছে, আগামী কয়েকদিন বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো অঞ্চলের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় বৃষ্টি বাড়বে। শনি থেকে সোমবার পর্যন্ত ওইসব এলাকার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাই সংশ্লিষ্ট এলাকার জন্য দেওয়া হয়েছে ‘কমলা’ সতর্কতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পুরুলিয়ার পুরীহানসা, মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে সর্বাধিক বেশি ৩০ মিমি বৃষ্টি হয়েছে। সকাল থেকে বিকেলের মধ্যে ২৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সল্টলেকে। দমদমে এইসময়ে ৮ মিমি ও কলকাতায় মাত্র ১ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ