নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কাল শনিবার নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত সেখানে তৈরি হয়েছে। সেটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। প্রথমে উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টি হবে। পরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে এগবে। দক্ষিণবঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডে এর প্রভাব পড়বে বেশি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।



