Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৬০ ফুট উঁচু রথে মাসির বাড়ি যাবেন জগন্নাথদেব

৬০ ফুট উঁচু রথে জগন্নাথদেব রশিদপুরের মাসির বাড়িতে যাচ্ছেন। সাতদিনের ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন। বিস্তারিত পড়ুন।

৬০ ফুট উঁচু রথে মাসির বাড়ি যাবেন জগন্নাথদেব
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল, গঙ্গারামপুর: ঐতিহ্য মেনে ৬০ ফুট উঁচু রথে চেপে বুনিয়াদপুরের পীরতলা জগন্নাথ মন্দির থেকে রওনা হয়ে রশিদপুরের মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। গঙ্গারামপুর মহকুমার অন্যতম এই বুনিয়াদপুর সর্বজনীন রথযাত্রা এবার ৬৮তম বর্ষে পা দিয়েছে। রথের দিন পীরতলা কালীমন্দির চত্বরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো এবং অন্নভোগের পর বিকেল ৪টা নাগাদ রথ শহর পরিক্রমা করে রশিদপুরে পৌঁছবে।

Advertisement

রশিদপুরের মাসির বাড়িতে টানা সাতদিন অন্নভোগ, নামসংকীর্তন, ভাগবতপাঠ এবং ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। উলটো রথ উপলক্ষ্যে পীরতলায় বসবে মেলা। রথযাত্রা উত্সব কমিটির সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, আগে রথ পরিচালনার দায়িত্ব ইসকন কর্তৃপক্ষের হাতে ছিল। এবার আমরাই দায়িত্ব নিয়েছি।
গঙ্গারামপুর শহরের ধলদিঘি উত্তরপাড়ার জগন্নাথ মন্দিরেও রথযাত্রা হয়। সারাবছর মন্দিরে জগন্নাথদেবের পুজো হয়। রথযাত্রা উপলক্ষ্যে ৬ জুলাই থেকে ভাগবত পাঠ, নামসংকীর্তন ও পদাবলীর আয়োজন চলছে।
মন্দিরে পুজোর পর জগন্নাথদেব রথে চেপে শহর পরিক্রমা করে কায়স্থপাড়ায় নিতাইপদ বসাকের বাড়িতে যাবেন। প্রতিবছরের মতো এবারও শহরের মানুষ রথের রশি টানতে ভিড় করবেন। 
কালদিঘিতে ইসকন পরিচালিত রথযাত্রা এবার ১০তম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রার দিন এক ভক্তের বাড়িতে ৫৬ ব্যঞ্জনের ভোগ নিবেদন শেষে জগন্নাথদেব শহর পরিক্রমা করে কালীতলার মাসির বাড়িতে যান। সেখানে সাতদিন ধরে ইসকনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ