গল: প্রথম ইনিংসে ৭৬ রানের বিনিময়ে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে শিকার সংখ্যা ৬। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন মানব সুথার। ভারতের কনিষ্ঠতম স্পিনার হিসাবে অ্যাওয়ে টেস্টে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন ২৪ বছরের স্পিনার। পিছনে ফেলেছেন হরভজন সিংয়ের ২৮ বছর বয়সে ১০ উইকেটের রেকর্ড। পাশাপাশি নরেন্দ্র হিরওয়ানির পর প্রথম ভারতীয় বোলার হিসাবে কেরিয়ারের প্রথম দুই টেস্টেই ৬টি বা তার বেশি উইকেট নিয়েছেন সুথার। ম্যাচের পর তরুণ বাঁ হাতি স্পিনারকে প্রশংসায় ভরালেন লোকেশ রাহুল। তাঁর কথায়, ‘অসাধারণ প্রতিভা। বৈচিত্র্য ও ধারাবাহিকতা সুথারকে স্পেশাল বানিয়েছে। একই অ্যাকশন এবং অ্যাঙ্গেল বজায় রেখে হাতের স্পিড না কমিয়েও বলের গতির হেরফের করতে পারে। এতে ব্যাটাররা সমস্যা পড়ে। সবচেয়ে বড় কথা, ও খুবই ধারাবাহিক। বুদ্ধিমত্তার সঙ্গে বল করে। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি ঘটবে।’



