নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিষদীয় দলের পাশাপাশি আড়াআড়ি ভেঙে গিয়েছে তৃণমূলের সংসদীয় পার্টিও। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এনডিএ শরিক এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে তাঁরা অনুরোধ করেছেন, ২০ জনের এই অংশকেই যেন তৃণমূলের প্রকৃত ‘গ্রুপ’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই পরিস্থিতিতে তৃণমূলের অপর পক্ষের অবস্থান জানতে চেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠালেন লোকসভার অধ্যক্ষ। বুধবার এই মর্মে লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে অভিষেককে চিঠি পাঠিয়ে কাল, ১৯ জুন বিকেল ৫টার সময় অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে। কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার নির্ধারিত সময়েই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক। নিজের স্বপক্ষে যুক্তি পেশ করবেন।
২০ জন সাংসদের বিদ্রোহ এবং তাঁদের অন্য এক দলের সঙ্গে মিশে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কী অবস্থান ও বক্তব্য— প্রধানত সেটিই জানতে চাইছেন লোকসভার অধ্যক্ষ। ২০ জন এমপি ইচ্ছা করলেই কি অন্য দলে মিশে যেতে পারেন? তৃণমূলের ঘোষিত অবস্থান হল, সেটা হয় না। একমাত্র সংযুক্তিকরণ সম্ভব, যদি এই সাংসদরা যে দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন, সেই পার্টি অন্য দলে সংযুক্ত হয়ে যায়। রাজনৈতিক সূত্রের দাবি, দু’পক্ষের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
গত ১০ জুন লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন অভিষেক। সেখানে তিনি স্পষ্ট আর্জি জানিয়েছিলেন যাতে, তৃণমূলের কোনো ‘গ্রুপ’কে আলাদাভাবে কোনোরকম স্বীকৃতি দেওয়া না হয়। এব্যাপারে অন্য কোনো ‘গ্রুপ’ যতই আবেদন করুক না কেন, স্পিকার যেন তা বিবেচনা না করেন। এমনকি অভিষেক ওই চিঠি পাঠানোর পরেই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন দু’জন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। গত রবিবার স্পিকারের সঙ্গে দেখা করে একইভাবে তাঁরা আবেদন করেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে একটিই দল হিসাবে বিবেচনা করা হোক। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার অভিষেককে দু’ঘণ্টার নোটিস পাঠিয়ে দেখা করতে বলা হয়েছিল লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদ পর্ব চলায় অভিষেক সময় বের করতে পারেননি। তাই ফের সময় চেয়ে আবেদন করা হয়েছিল লোকসভার স্পিকারের কাছে। সেইমতোই কাল, শুক্রবার সাক্ষাতের নয়া তারিখ জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে।