Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়ার মাছ বাজার সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার মানুষ

বাদুড়িয়া মাছ বাজার সংস্কারের দাবিতে এবার সরব হলেন এলাকাবাসীদের একাংশ। শতাব্দী প্রাচীন বাদুড়িয়া মাছ বাজার। পাটের ব্যবসার রমরমা সময়ে কলকাতার মহাজনদের আনাগোনা ছিল এই বাজারে।

বাদুড়িয়ার মাছ বাজার সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার মানুষ
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বাদুড়িয়া মাছ বাজার সংস্কারের দাবিতে এবার সরব হলেন এলাকাবাসীদের একাংশ। শতাব্দী প্রাচীন বাদুড়িয়া মাছ বাজার। পাটের ব্যবসার রমরমা সময়ে কলকাতার মহাজনদের আনাগোনা ছিল এই বাজারে। বড়ো বড়ো নৌকা করে নদীপথে পাট কলকাতায় পাঠানো হতো। কিন্তু এখন সে সব অতীত। প্লাস্টিকের ব্যাগের দাপটে জৌলুশ হারিয়েছে এই পাটশিল্প। বাদুড়িয়াতেও কমেছে শহুরে বাবুদের আনাগোনা। কিন্তু বাদুড়িয়া বাজারের রমরমা কমেনি।

Advertisement

এবার সেই বাজারের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, বাম জমানার ৩৫ বছরের মধ্যে ১০ বছর বামফ্রন্টের বিধায়ক ছিলেন। তখন একবার বাজার সংস্কারও হয়। ইট দিয়ে সোলিং করা হয়। সঙ্গে উঁচু করে অ্যাজবেস্টসের শেড তৈরি করা হয়েছিল। কিন্তু পরিবর্তনের পর একবার বাম-কংগ্রেস জোটের এবং একবার তৃণমূলের বিধায়ক থাকলেও কেউ বাজারের দিকে খেয়াল করেননি। মাছ বাজারের উপর কোনো শেড নেই। অল্প বৃষ্টিতেই গোটা বাজার কাদাময় হয়ে যায়। গরমের দিনে বা বর্ষায় মাছ ব্যবসায়ীরা কালো প্লাস্টিকের তলায় মাছ নিয়ে বসেন।
অন্যদিকে, বাদুড়িয়া নদীর ওপারে পুঁড়ো বাজারে বাদুড়িয়ার তুলনায় ক্রেতা ও বিক্রেতার চাপ কম। তবে পুরসভার তরফে সেই বাজারের পরিকাঠামোকে আধুনিক করা হয়েছে। তাহলে এই বাদুড়িয়া মাছ বাজারের কেন উন্নয়ন হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এই বিষয়ে বাদুড়িয়া পুরসভার তরফে জানানো হয়েছে, মাছ বাজার যেখানে বসার কথা, সেখানে বসে না। তাদের জন্য শেড তৈরি করা রয়েছে। আমরা পুরসভার তরফ থেকে একাধিকবার তাদের শেডের নীচে বসার জন্য বলেছি। কিন্তু তাঁরা তাঁদের সুবিধা মতো বসেছেন।
এদিন এক এলাকাবাসী মোহম্মদ বাপি ইসলাম বলেন, আমি এই বাজারে বাইশ বছর ধরে বাজার করছি। আমরা চাই, বাজারের পরিকাঠামো আধুনিক মানের হোক। এই বিষয়ে বাদুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অংশুমান দত্ত বলেন, আগামী দিনে মাছ বাজারের আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের জন্য কাজ থমকে ছিল। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ওই বাজারের সংস্কার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ