Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই শিক্ষক অনিয়মিত, তালাবন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্কুলে

দুই শিক্ষক অনিয়মিত, তালাবন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্কুলে
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্কুলের দুই সহ শিক্ষকের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ফাঁকি দেওয়ার অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে উঠল ভগবানপুর-১ ব্লকের পশ্চিমবাড় বোর্ড প্রাইমারি স্কুল। ওই দুই শিক্ষককে তালাবন্ধ করে তীব্র বিক্ষোভ চলে। স্কুলের সামনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হয়। অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা একযোগে বিক্ষোভ দেখান। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু, তাঁদের অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি। শুক্রবার এলাকার লোকজন এবং স্থানীয়রা জোট বেঁধে এনিয়ে হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নেন।

Advertisement

পশ্চিমবাড় বোর্ড প্রাইমারি স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা ৭১। শিক্ষক চারজন। ওই চারজনের মধ্যে দুই সহ শিক্ষক সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মণ প্রায়ই গরহাজির থাকেন বলে অভিযোগ। এর আগে নভেম্বর ও ডিসেম্বর একটানা দু’ মাস শুভব্রত বর্মণ স্কুলে না আসায় তাঁর মাইনে আটকে যায়। সুরজিৎ জানার বাড়ির কাছেই এই স্কুল। তারপরও তিনি স্কুলে ঠিকমতো যান না বলে অভিযোগ। এর আগে লোকাল অ্যারেঞ্জমেন্টে সুরজিৎ জানা অন্য স্কুলে ছিলেন। ডিসেম্বর মাস থেকে ফের নিজের স্কুলে জয়েন করেছেন। খাতায় কলমে চারজন শিক্ষক থাকলেও দু’জনের গরহাজিরায় প্রধান শিক্ষকও ক্ষুব্ধ। 
এদিন অভিভাবক ও স্থানীয়রা স্কুলের একটি ঘরে সুরজিৎ জানা ও শুভব্রত বর্মণকে আটকে তালা ঝুলিয়ে দেন। তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি তাপস বেরা বলেন, ওই দুই শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। এনিয়ে বার বার সতর্ক করার পরও তাদের মধ্যে কোনও পরিবর্তন হয়নি।
প্রধান শিক্ষক গোপাল দলপতি বলেন, ২০২৪ সালে জুলাই মাসে আমি এখানে জয়েন করেছি। দু’জন ঠিকমতো স্কুলে আসেন না। এই অভিযোগ ঠিক। একজনের মাইনে দু’ মাস বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও তিনি ঠিকমতো আসছেন না। আরেক জন শিক্ষকের বাড়ি স্কুলের কাছেই। তারপরও তাঁকে ঠিকমতো পাওয়া যায় না। বিষয়টি এসআইকে জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ