Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাঝমাঠ জমাট রাখাই লক্ষ্য লোবেরার

সোমবার রাজ্যে নির্বাচনী ফল ঘোষণা থাকায় অনুশীলন ছুটি ছিল মোহন বাগানের। একদিনের বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ফের গোয়া ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড।

মাঝমাঠ জমাট রাখাই লক্ষ্য লোবেরার
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজ্যে নির্বাচনী ফল ঘোষণা থাকায় অনুশীলন ছুটি ছিল মোহন বাগানের। একদিনের বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ফের গোয়া ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড। আগামী শনিবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড। তাই চ্যাম্পিয়নশিপের দাবি জোরালো করতে এই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

Advertisement

মাণ্ডবী নদীর তীরে জয়ের লক্ষ্যে আক্রমণের পাশাপাশি মাঝমাঠ মজবুত করতে হবে লোবেরা ব্রিগেডকে। গোয়া দলে উদান্তা সিং ও ব্রাইসনের মতো উইঙ্গার রয়েছে। দ্রুতগতিতে আক্রমণ গড়ে তোলার ব্যাপারে সিদ্ধহস্ত। এছাড়া মাঝমাঠে ড্রাজিক দুই প্রান্তে বল সাপ্লাই করেন। তাই গোয়ার আক্রমণ রুখতে শুরু থেকেই মাঝমাঠ দখলে নিতে হবে। সেক্ষেত্রে কোচ লোবেরার অস্ত্র হতে পারেন ফিট হয়ে ওঠা আপুইয়া। চলতি মরশুমে দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার তিনি। তবে প্রশ্ন হল, সদ্য চোট সারিয়ে ওঠা মিজো মিডিওকে কি শুরু থেকে ব্যবহারের ঝুঁকি নেবেন স্প্যানিশ কোচ? না কি আস্থা রাখবেন সাহাল আব্দুল সামাদের উপরে। গত দু’টি ম্যাচে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে লক্ষ্যভেদের পাশাপাশি গোয়ার বিপক্ষে হওয়া একমাত্র গোলে অ্যাসিস্ট তাঁর। শুধু তাই নয়, অংক আরও আছে। লক্ষ্যভেদের জন্য মোহন বাগান তাকিয়ে ম্যাকলারেনের দিকে। অজি স্ট্রাইকার ইতিমধ্যেই ৯ ম্যাচে ৮ গোলে করে ফেলেছেন। এর মধ্যে বেশিরভাগই একক দক্ষতায় জাল কাঁপিয়েছেন তিনি। আসলে ম্যাকাকে বল বাড়ানোর ফুটবলারের বড় অভাব লোবেরার হাতে। সেক্ষেত্রে সাহাল হলে পারেন বিকল্প। প্রথম একাদশ বাছার জন্য এখনও হাতে তিনদিন সময় পাচ্ছেন লোবেরা। মঙ্গলবার অনুশীলন শেষে দীর্ঘক্ষণ দলের ফিজিওর সঙ্গে কথা বলতে দেখা গেল হেড কোচকে। আলোচনার বিষয় যদি আপুইয়া হন, তাহলে তা বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ