


সঞ্জয় সরকার, কলকাতা: অনুশীলনের সবে শুরু। বাকিরা ওয়ার্ম-আপে যোগ দিলেও, কোচ সের্গিও লোবেরার সঙ্গে আলোচনায় মগ্ন জেমি ম্যাকলারেন। হাত দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করলেন অজি স্ট্রাইকার। মিনিট পাঁচেক কথা বলার পরেই বাকিদের সঙ্গে যোগ দিলেন ম্যাকা। তবে বল পায়ে অনুশীলন শুরু হতেই সাইডলাইনে ফিজিওর কাছে গেলেন তিনি। চিন্তা বাড়ল টিম ম্যানেজমেন্টের। তবে সকলকে স্বস্তি দিয়ে ফের মাঠে নামলেন অজি স্ট্রাইকার। আর মাঠ ছাড়ার মূহূর্তে আশ্বস্ত করলেন, ‘ম্যাচ খেলার জন্য আমি তৈরি।’
ম্যাকলারেনকে নিয়ে স্বস্তির আবহে আপুইয়াকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে মোহন বাগানে। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে গোয়ার বিরুদ্ধে দলে ফিরেছিলেন এই মিজো ফুটবলার। তবে বিরতিতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। সোমবারও অনুশীলনে পুরো সময়টাই সাইডলাইনে কাটালেন তিনি। ফলে মঙ্গলবার ইন্টার কাশীর বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে বাগান কোচকে। একই হাল অনিরুদ্ধ থাপার। গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ফলে মঙ্গলবার তাঁর খেলা নিয়েও রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে মাঝমাঠ সাজানোর জন্য পরিবর্তিত পরিকল্পনা প্রয়োজন। গত কয়েকটি ম্যাচে যোগ্য ফিডারের অভাবে ভুগছে মোহন বাগান। ইন্টার কাশী ম্যাচে এই দুর্বলতা ঢাকাই প্রধান চ্যালেঞ্জ বাগান কোচের।
সোমবার ঘণ্টাখানেক অনুশীলন করেই ফুটবলারদের ছুটি দিলেন কোচ লোবেরা। হোটেলে ফিরে চোখ রেখেছিলেন ইস্ট বেঙ্গল-পাঞ্জাব ম্যাচে। অস্কার ব্রিগেড ড্র করতেই ডার্বির আগে ফের শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে বাগানের সামনে। সেই লক্ষ্যে এদিন প্রস্তুতিতে লোবেরা জোর দিলেন উইং-প্লে’তে। আসলে চলতি আসরে সেটপিস থেকে গোল করতে চূড়ান্ত ব্যর্থ আলবার্তো-আলড্রেডরা। কোচ লোবেরাও মেনে নিলেন এই জায়গায় অনেকটাই পিছিয়ে তারা। বললেন, ‘এটা ঠিক যে, আমরা সেটপিস থেকে গোল তুলে নিতে পারিনি। বাকি তিন ম্যাচে তা কাটিয়ে ওঠা লক্ষ্য থাকবে।’ মাঝমাঠে দুর্বলতা প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘কোনও একটি বিভাগের উপর ম্যাচের পারফরম্যান্স নির্ভর করে না। মনে রাখবেন, আমরা সুযোগ তৈরি করছি। তবে তা কাজে লাগাতে ব্যর্থ।’
চলতি আইএসএলে লিগ খেতাব নির্ণায়কের ক্ষেত্রে গোল পার্থক্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই মঙ্গলবার ইন্টার কাশীর বিরুদ্ধে জয়ের পাশাপাশি গোল ব্যবধান বাড়িয়ে রাখাই লক্ষ্য থাকবে লোবেরা ব্রিগেডের। তিনটি করে হলুদ কার্ড দেখেছেন দিমিত্রি এবং আলবার্তো। ফলে ইন্টার কাশীর বিরুদ্ধে এঁদের মধ্যে কেউ কার্ড দেখলেই ডার্বি মিস করবেন।
এদিকে, মোহন বাগানের বিরুদ্ধে লড়াইয়ের নামার ৩৬ ঘণ্টা আগেই ইন্টার কাশীর হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান আন্তোনিও লোপেজ হাবাস। ফলে মঙ্গলবার প্রাক্তন দলের বিরুদ্ধে ডাগ-আউটে দেখা যাবে না আইএসএলের অন্যতম সফল এই কোচকে। লোবেরা অবশ্য হাবাসহীন ইন্টার কাশীকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সরাসরি ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।