Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্টে চোখ লোবেরার, গোলকিপার কোচ হিসেবে সিনিয়র দলে অভ্র মণ্ডল

হুয়ান ফেরান্দো হোক কিংবা হোসে মোলিনা, হালফিলে মোহন বাগান অনুশীলনের ধরন অনেকটাই একইরকম ছিল। ম্যাচের দু’দিন আগেই প্রথম একাদশ সম্পর্কে এক স্বচ্ছ ধারণা পাওয়া যেত।

বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্টে চোখ লোবেরার, গোলকিপার কোচ হিসেবে সিনিয়র দলে অভ্র মণ্ডল
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুয়ান ফেরান্দো হোক কিংবা হোসে মোলিনা, হালফিলে মোহন বাগান অনুশীলনের ধরন অনেকটাই একইরকম ছিল। ম্যাচের দু’দিন আগেই প্রথম একাদশ সম্পর্কে এক স্বচ্ছ ধারণা পাওয়া যেত। তবে সের্গিও লোবেরার অধীনে সেই ট্রেন্ড পুরোপুরি বদলে গিয়েছে। গতানুগতিক ম্যাচ অনুশীলনের পরিবর্তে অনেক বেশি পাসিং ফুটবল আর সিচ্যুয়েশন প্র্যাকটিসের উপর জোর দেন তিনি। আসলে ফুটবলারদের মনোবল চাঙ্গা রাখতে প্রথম একাদশ নিয়ে কোনওরকম খোলসা করতে চান না তিনি। প্রতিটি ফুটবলারকেই মানসিকভাবে তৈরি থাকার পরামর্শ দেন লোবেরা। অনুশীলনেও তাই সকলেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন।

Advertisement

আইএসএলে শুরুটা দারুণ করেছে মোহন বাগান। টানা চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে দিমিত্রি-ম্যাকলারেনরা। স্বাভাবিতভাবেই দলের এই দুরন্ত পারফরম্যান্সে ইতিমধ্যেই খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন সবুজ-মেরুন অনুরাগীরা। কোচ লোবেরা অবশ্য বাস্তবের মাটিতে পা রাখছেন। তিনি জানেন, ১৩ ম্যাচে লিগে পয়েন্ট নষ্ট মানেই বাকি দলগুলিকে লড়াইয়ে জায়গা করে দেওয়া। তাই লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে অনেক বেশি সাবধানী বাগান কোচ। শনিবার গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান।
গতবার আইএসএল ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল এই দু’দল। কামিংস ও ম্যাকলারেনের গোলে ২-১ ব্যবধানে জিতে খেতাব ঘরে তুলেছিল পালতোলা নৌকা। তবে অতীতের কোনও পরিসংখ্যানকে মাথায় রাখতে নারাজ লোবেরা। যাবতীয় আত্মতুষ্টিকে দূরে সরিয়ে নতুন লড়াইয়ের জন্য ছেলেদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন বাগান কোচ। লোবেরা বলেন, ‘চলতি মরশুমে চারটি কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে আমাদের। এখনও পর্যন্ত যে ক’টি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি, তাদের থেকে বেঙ্গালুরু অনেকটাই শক্তিশালী। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। অবশ্যই অ্যাওয়ে ম্যাচ খেলাটা সবসময় কঠিন। সমর্থকদের উৎসাহ ছাড়াই লড়তে হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে জিতে মাঠ ছাড়া।’
চোটের কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধেও অনিশ্চিত রবসন। এদিনও ফিজিওর সঙ্গেই সময় কাটান তিনি। শেষ চারটি ম্যাচে একজন বিদেশি ডিফেন্ডারে দল সাজিয়ে ছিলেন লোবেরা। তবে বিএফসি’র শক্তিশালী আপফ্রন্টের কথা মাথায় রেখে রক্ষণে পরিবর্তন আনতে পারেন তিনি। শুক্রবার সকালে অনুশীলন করে দুপুরের বিমানে বেঙ্গালুরু পৌঁছবে মোহন বাগান।
এদিকে, মোহন বাগান গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিলেন অভ্র মণ্ডল। এতদিন রিজার্ভ দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আসলে প্রাক্তন কোচ হোসে মোলিনার ডাকে হন্ডুরাস জাতীয় দলে যোগ দিচ্ছেন স্প্যানিশ গোলরক্ষক কোচ ফ্রান্সিসকো মার্তিনেজ। তাঁর জায়গায় অভ্রকে নিয়োগ করা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ