


বার্সেলোনা: প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে শেষলগ্নের পেনাল্টি থেকে কোনওক্রমে হার এড়ায় দল। ম্যাচ শেষে ছেলেদের পারফরম্যান্স নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হান্স ফ্লিক। একইসঙ্গে ঘরের মাঠে নিউকাসলের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ছেলেদের সতর্ক করেছিলেন জার্মান কোচ। তবে বুধবার ক্যাম্প ন্যু’য়ে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেরা করলেন লামিনে ইয়ামাল-রবার্ট লিওয়ানডস্কিরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে ইংলিশ ক্লাবটিকে সাত গোলের মালা পরাল বার্সেলোনা (৭-২)। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করল কাতালন ক্লাবটি। এদিন ম্যাচের শুরুতে দু’বার লিড নিয়েও তা হাতছাড়া করে বার্সা। তবে প্রথমার্ধের শেষলগ্নে পেনাল্টি থেকে দলকে তৃতীয়বারের জন্য এগিয়ে দেন ইয়ামাল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁদের। ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল রাফিনহা ও লিওয়ানডস্কির। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মার্ক বের্নাল ও ফারমিন লোপেজ। নিউকাসলের দু’টি গোলই অ্যান্টনি এলানগারের।
পরের রাউন্ডে বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। বুধবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের কাছে ২-৩ গোলে বশ মানে ডিয়েগো সিমোনে ব্রিগেড। তবে প্রথম লেগে ঘরের মাঠে ৫-২ ব্যবধানে জয়ের সুবাদে শেষ আটের টিকিট নিশ্চিত করে তারা। ম্যাচে টটেনহ্যামের জয়ে জোড়া গোল জাবি সিমোনের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন কোলো মুয়ানি। আতলেতিকোর দুই গোলদাতা জুলিয়ান আলভারেজ ও ডেভিড হাঙ্কো।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে তুরস্কের ক্লাব গালাতাসারেকে নিয়ে ছেলেখেলা করল লিভারপুল। বুধাবর ৪-০ গোলে জিতল আর্নে স্লট- ব্রিগেড। প্রথম লেগে হারলেও, দু’লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করল দ্য রেডস। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ডোমিনিক সোবোস্লাই, হুগো একিটিকে, রায়ান গ্রাভেনবের্খ ও মো সালাহ।
দিনের অপর ম্যাচে আটালান্টাকে ৪-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোলে নায়ক হ্যারি কেন। এছাড়া জার্মান ক্লাবটির হয়ে জাল কাঁপান লেনার্ট কার্ল ও লুইস ডিয়াজ। আটালান্টার একমাত্র গোলটি লেজার সামারডিচের। উল্লেখ্য, প্রথম লেগে ৬-১ ব্যবধানে জিতে আগেই কোয়ার্টার-ফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছিল ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। বুধবার বড় জয়ে তা নিশ্চিত করলেন হ্যারি কেনরা।
বুধবারের ফল
বার্সেলোনা- ৭ : নিউকাসল- ২ লিভারপুল- ৪ : গালাতাসারে- ০
বায়ার্ন মিউনিখ- ৪ : আটালান্টা- ১ টটেনহ্যাম- ৩ : আতলেতিকো- ২