Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ লক্ষের চোলাই উদ্ধার, গ্রেপ্তার

চোলাইয়ের আঁতুরঘর হয়ে উঠেছে হাওড়ার গ্রামীণ এলাকা। পুলিসি ধরপাকড় চললেও তার মধ্যেই লুকিয়ে চলছে চোলাই পাচারের চেষ্টা।

১২ লক্ষের চোলাই উদ্ধার, গ্রেপ্তার
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: চোলাইয়ের আঁতুরঘর হয়ে উঠেছে হাওড়ার গ্রামীণ এলাকা। পুলিসি ধরপাকড় চললেও তার মধ্যেই লুকিয়ে চলছে চোলাই পাচারের চেষ্টা। শুক্রবার রথযাত্রার দিনে পাচারের সময় উলুবেড়িয়ার নিমদিঘিতে ধরা পড়েছে চোলাই বোঝাই একটি প্রাইভেট কার। আবগারি দপ্তর ওই গাড়ি থেকে ১২০০ লিটার চোলাই উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১২ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। 

Advertisement

আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পায়, এদিন ভোরে চোলাই পাচার হবে। সেইমতো নিমদিঘি মোড়ে ফাঁদ পাতেন দপ্তরের অফিসার ও কর্মীরা। ভোর পৌঁনে ৫টা নাগাদ উলুবেড়িয়া রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পলাশ বিশ্বাস ও আন্দুল রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন্দ্রজিৎ মিত্র গোরুহাটা ব্রিজের দিক থেকে একটি চারচাকার প্রাইভেট গাড়িকে দ্রুত উলুবেড়িয়ার দিকে আসতে দেখেন। তাঁরা গাড়িটিকে থামতে বললে চালক তা পাত্তা না দিয়ে গতি বাড়িয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিমদিঘি বাজারের কাছে পৌঁছে যায়। সেখানে তখন পাচারকারীকে ধরার জন্য অপেক্ষায় ছিলেন আবগারির বাগনান রেঞ্জের ওসি জিৎ সরকার। তিনিই ওই গাড়িটিকে ধরে ফেলেন। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই। গ্রেপ্তার করা হয় গাড়িচালক শান্তনু কয়ালকে। সে ধূলাসিমলার বাসিন্দা। 
আবগারি দপ্তর সূত্রে খবর, গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ চোলাই মদাই থেকে ডোমজুড়ের দিকে যাচ্ছিল। আবগারি আধিকারিকদের বক্তব্য, চালকের জবানবন্দির ভিত্তিতে এই কারবারের অন্যতম পান্ডা দিলীপ রাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ