Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাত বাড়লেই কালিয়াগঞ্জ শহরজুড়ে মদের ঠেক, অতিষ্ঠ সাধারণ মানুষ

রাত বাড়লে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুর বাসস্ট্যান্ডে বসছে মদের ঠেক। কালিয়াগঞ্জ রেলস্টেশন এবং বিবেকানন্দ মোড় এলাকাতেও ঠেক বসাচ্ছে মদ্যপরা।

রাত বাড়লেই কালিয়াগঞ্জ শহরজুড়ে মদের ঠেক, অতিষ্ঠ সাধারণ মানুষ
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রাত বাড়লে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুর বাসস্ট্যান্ডে বসছে মদের ঠেক। কালিয়াগঞ্জ রেলস্টেশন এবং বিবেকানন্দ মোড় এলাকাতেও ঠেক বসাচ্ছে মদ্যপরা। আরও নানা জায়গায় অন্ধকারের সুযোগ নিয়ে তারা মদের আসর বসাচ্ছে। তাদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। নষ্ট হচ্ছে শহরের পরিবেশ।

Advertisement

এব্যাপারে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, ইতিমধ্যেই এই অভিযোগ পেয়েছি। রাতে বাসস্ট্যান্ডের ভিতরে নিয়মিত মদের আসর বসছে। এতে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। আইসি’র সঙ্গে কথা বলেছি।  দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা বাজলে এলাকার বাসিন্দাদের পাশাপাশি কিছু বহিরাগত কালিয়াগঞ্জ পুর বাসস্ট্যান্ডে ঢুকে যাচ্ছে। একজন দু’জন নয়, প্রতিদিন প্রায় ৫০-৬০জন বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় মদের ঠেকে বসছে। রাতভর এই ঠেক চলে। সেখানে প্রতিনিয়ত ঝামেলা হয়। কালিয়াগঞ্জের বাস চালক বলেন, প্রতিরাতে কিছু গাড়ি বাসস্ট্যান্ডে রাখা থাকে। সেই গাড়ির আড়ালে বসে মদের ঠেক। কাচের ভাঙা বোতল ছড়িয়ে থাকে। সকালে এসে এসব পরিষ্কার করে তারপর গাড়ি চালাতে হয়। নাহলে টায়ারে কাচ ঢুকে যায়। কালিয়াগঞ্জ শহরের বাসিন্দা সুজন হালদার বলেন, পুলিস দু’দিন টহল দিলে কিছুদিন উৎপাত বন্ধ থাকে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। মদ বিক্রি বন্ধ করে দিলে ঠেক বন্ধ হয়ে যাবে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মদের ঠেক বন্ধ করতে পুলিস তৎপর। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন মদ্যপকে গ্রেপ্তার করা হয়েছে। চোলাই বিক্রেতা বিজয় কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে কালিয়াগঞ্জ স্টেশন রোড থেকে। তার থেকে ১৫ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, মদের ঠেক বন্ধ করতে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ