


মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: লিপিকা বর্মন ঘোষ মালদহ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোট যুদ্ধে অনেক প্রার্থীর কাছে দিনটি বেশ চিন্তার। কিন্তু বৃহস্পতিবার একেবারেই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল লিপিকাকে ঘিরে। চিন্তার লেশমাত্র নেই। দিনভর ঠান্ডা মাথায় গাড়ি, কর্মীর বাইকে চেপে ওই বিধানসভার বিভিন্ন বুথে ঘুরে বেড়ালেন লিপিকা। ভোট কেমন হচ্ছে ? প্রশ্ন করতেই তৃণমূল প্রার্থী বলেন, বিভিন্ন বুথ ঘুরে দেখেছি। সুষ্ঠুভাবেই ভোট হয়েছে। এদিন সকালে কালো রঙের গাড়ি করে তৃণমূলের প্রার্থী প্রথম চলে আসেন পুরাতন মালদহ শহরের ১১ নম্বর ওয়ার্ডের গৌড় মহাবিদ্যালয়ে। সেখানে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রে ভোট হচ্ছিল। প্রার্থীর পরনে ছিল নীল শাড়ি। আর পাঁচটা সাধারণ মানুষের মতো তিনি ওই কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের ১২ নম্বর ওয়ার্ডে যান। সেখান থেকে পুরনো জাতীয় সড়কের ধারে একটি বুথ ঘুরে সোজা চলে যান ৯ নম্বর ওয়ার্ডে। একটি ক্লাবের সামনে গাড়ি রেখে ওই ওয়ার্ডের বুথে যান। এরপর এক কর্মীর বাইকে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের ২০ নম্বর ওয়ার্ডে ওসমানিয়া হাই মাদ্রাসা স্কুল, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন লিপিকা। একইভাবে পুরসভার ৪, ৫, ১৭ সহ বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেন। দুপুরের দিকে সাহাপুর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভোট নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, এদিন সকালে ভাবুকে গুনশাকরোল প্রাথমিক বিদ্যালয়ে ২৪ নম্বর বুথে ভোট দেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। বলেন, এটা বিজেপির মাটি। গত বিধানসভা এবং লোকসভা ভোটে বিজেপির লিড ছিল। এবারও হবে। কংগ্রেসের প্রার্থী ভূপেন্দ্র নাথ হালদারও শহর এবং গ্রাম ঘুরে বেরান। তাঁর অনুগামী জেলা ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা দলের জেলা সদস্য মান্তু ঘোষ বলেছেন,আমাদের প্রার্থী ১৪ নম্বর ওয়ার্ড সহ নানা এলাকায় গিয়েছিলেন। তিনি আগে বিধায়ক ছিলেন। মানুষ এবার জেতাবে বলে আমরা আশাবাদী। পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের শহর সভাপতি বলেন, প্রার্থী অনেক ঘুরেছেন। আগের থেকে শহরে ভোট বেশি পাব। জয় নিয়ে আমরা আশাবাদী। পুরাতন মালদহ শহরে একটি বুথে যাচ্ছেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।-নিজস্ব চিত্র