নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের আমেজ কমছে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা পৌছে গিয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে বিভিন্ন জেলাতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। তাপমাত্রা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে পৌছাবে। উপকূল সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার। ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। সরাসরি তার প্রভাব পরার সম্ভাবনা কম রাজ্যে। তবে এর জেরে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় আরও একটি নিম্নচাপ নতুন করে তৈরি হবে। যার অভিমুখ থাকবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে।
উত্তরবঙ্গেও সামান্য বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে নিচের তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।