এখনকার মেয়েরা স্বাধীনচেতা। একলা বেরিয়ে পড়েন নির্দ্বিধায়। সোলো ট্রিপ করলে কী কী বিষয় খেয়াল রাখবেন?
এখনকার মেয়েরা স্বাধীনচেতা। একলা বেরিয়ে পড়েন নির্দ্বিধায়। সোলো ট্রিপ করলে কী কী বিষয় খেয়াল রাখবেন?
সময় বদলাচ্ছে। মেয়েরা এখন মানসিক ও অর্থনৈতিক দিকের পাশাপাশি সামাজিক দিক দিয়েও অনেকটাই স্বাধীন। আর সেই স্বাধীনতা তারিয়ে তারিয়ে উপভোগ করতে তাঁরা জীবনযাপনে নানারকম বদল আনছেন। একক ভ্রমণ তারই একটা। সমীক্ষা বলছে, এই বছরই মেয়েদের এই একক ভ্রমণ অর্থাৎ সোলো ট্রিপ নাকি রেকর্ড সংখ্যায় পৌঁছবে। মহিলাদের স্বাধীন ও একক ভ্রমণ বিষয়টা আমাদের দেশে এখনও নতুন। ফলে কিছু বিশেষ সচেতনতার কথা এক্ষেত্রে মাথায় রাখতে হয় বইকি। সেগুলোই বিস্তারিত জানালেন একটি মহিলাকেন্দ্রিক ভ্রমণ সংস্থার কর্ণধার রুমা ভৌমিক।
নিরাপত্তা বিষয়ক সচেতনতা: একক ভ্রমণের ক্ষেত্রে প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এটি। এমন জায়গা নির্বাচন করুন যেখানে ক্রাইম বা অপরাধের সংখ্যা কম। আমাদের দেশে পুদুচেরি, কসোল, উদয়পুর, ইত্যাদি মহিলাদের একক ভ্রমণের পক্ষে নিরাপদ। বিদেশি ডেস্টিনেশনের মধ্যে আয়ারল্যান্ড, ভুটান, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি মহিলা সোলো ট্রাভেলারদের জন্য বিশেষ উপযুক্ত।
সচেতনতা: কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন এগুলো বিবেচনা করে ভ্রমণ তালিকা ঠিক করুন। দিনেরবেলা ঘুরে সন্ধ্যের মুখে হোটেলে ফিরে যাওয়া খুবই জরুরি। বিদেশেও এমন প্রোগ্রাম রাখবেন না যেখানে নাইট অ্যাক্টিভিটি খুব বেশি। যদি রাখেন তাহলেও খুবই জনপ্রিয় জায়গা রাখুন। দুশ্চিন্তা বা ভয়ের আশঙ্কা কমবে। এছাড়া যেখানে যাচ্ছেন (দিনে হলেও) সেই জায়গা সম্পর্কে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে নিন। কীভাবে যেতে হয়, কী দেখবেন, কখন ফিরবেন ইত্যাদি জেনে নিন। লাগেজ, পার্স, পরিচয়পত্র, ক্যামেরা, ফোন ইত্যাদি সবসময় নিজের দায়িত্বে রাখুন। চারপাশ দেখে নিন, লোকজন বিষয়ে সতর্ক থাকুন।
থাকার জায়গা: খুব দেখেশুনে পড়াশোনা করে, বাছবিচার করে সিদ্ধান্ত নিন কোথায় থাকবেন। হোটেলের রিভিউ কেমন, অবস্থান কোথায় বিবেচনার মধ্যে রাখুন। চেষ্টা করুন শহরকেন্দ্রিক হোটেলে থাকার। তাতে সাইট সিয়িং-এর যাতায়াত সুবিধেজনক হবে। কোনও কারণে যদি হোটেলে ফিরতে দেরি হয় তাহলেও ফেরা সহজ হবে।
হাল্কা লাগেজ নিন: নিজের সামর্থ্য অনুযায়ী প্যাকিং করুন। এমন পোশাক নেবেন যা সারাদিন পরে থাকা যায়। এবং যা পরে আপনি স্বচ্ছন্দ। যে লাগেজ নিচ্ছেন তা স্ট্রলি স্যুটকেস বা ব্যাগ হওয়াই বাঞ্ছনীয়। ওষুধ নিন প্রয়োজন মতো। নিজের দৈনন্দিনের প্রয়োজনীয় ওষুধ ছাড়াও, ব্যথা, জ্বর, পেটখারাপ ইত্যাদির ওষুধ অবশ্যই সঙ্গে রাখুন। একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম বা লোশন, ক্রেপ ব্যান্ডেজ, ব্যান্ডেড ইত্যাদি নেবেন। এছাড়া যে জুতোটা পরবেন সেটা যেন হাঁটার পক্ষে সঠিক হয় সেটাও দেখে নিন।
খাওয়াদাওয়া: একা বেড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি। খাবারের ব্যাপারে খুবই সচেতন থাকা জরুরি। এমন কোথাও খাবেন না যেখানে খেলে শরীর খারাপ হতে পারে। ভালো হোটেলে চেনা মেনু থেকে খাবার খাওয়াই শ্রেয়। জল খাওয়ার ক্ষেত্রে খুবই সচেতন থাকবেন। কেনা জল ছাড়া খাবেন না। বিদেশে গেলেও এটা মাথায় রাখা ভালো। রাস্তার খাবার খুব একটা না খাওয়াই উচিত।
ভ্রমণ তালিকা: বেড়াতে যাওয়ার জায়গাটা সম্পর্কে পড়াশোনা করে নিন। সেখানকার সংস্কৃতি কেমন, দেখার কী কী আছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা এঁকে নিন মনে মনে। দিন ধরে ধরে কী কী করবেন, কখন বেরবেন ছকে নিন। ড্রাইভার সহ গাড়ি ভাড়া করুন। এতে বিপদে পড়লে স্থানীয় ড্রাইভার সাহায্য করতে পারবে। পথঘাটও তার চেনা, ফলে আপনি নিশ্চিন্তে বেড়াতে পারবেন।
কমলিনী চক্রবর্তী