নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাইপোকে নৃশংসভাবে কুপিয়ে খুনের দায়ে কাকার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ২ কোর্টের বিচারক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় রায়টি ঘোষণা করেন। সাজা প্রাপকের নাম কামরুল জামান মণ্ডল। তাঁর আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা , অনাদায়ে আরও ছ’মাস অতিরিক্ত জেল খাটতে হবে তাঁকে।
ঘটনাটি ২০২৫ সালের ৪ এপ্রিল ঘটেছিল, মাটিয়া থানার গাংআটি এলাকায়। সেদিন সকালে বাড়িতেই বল নিয়ে ভাই-বোনের কাড়াকাড়ি চলছিল। সেই ছোটখাট বিবাদ নিয়েই আচমকা মেজাজ হারান কাকা কামরুল জামান মণ্ডল। ঘর থেকে কুড়ুল বের করে এনে ১১ বছরের ভাইপো আমিনুর জামানকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চম শ্রেণির ওই ছাত্রের। খুনের পরেই অভিযুক্ত কামরুল এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এনিয়ে মাটিয়া থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ১৪ মাস ধরে বসিরহাট মহকুমা আদালতে এই মামলার বিচার চলে।এনিয়ে মামলার সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন, মামলার গুরুত্ব বুঝে অত্যন্ত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। আদালতে দাঁড়িয়ে সাক্ষীদের বয়ান এবং উভয়পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনেন বিচারক। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।