বার্সেলোনা: তরুণ্যে ভর করে চলতি মরশুমের শুরুটা দুরন্ত করেছিল বার্সেলোনা। তবে লা লিগা এগনোর সঙ্গে সঙ্গে ধারাবাহিকতার অভাবে ভুগছে কাতালন ক্লাবটি। রবিবার ঘরের মাঠে সের্গিও গঞ্জালেজের একমাত্র গোলে লেগানেসের কাছে বশ মানে বার্সা (১-০)। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদকে শীর্ষস্থান দখলের নিমন্ত্রণও জানাল হান্স ফ্লিক-ব্রিগেড। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আপাতত এক নম্বরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি, লামিনে ইয়ামালের গোড়ালিতে চোট আরও চিন্তা বাড়িয়েছে বার্সার। স্পেনের বিস্ময় বালক তিন-চার সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন।



