নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতদিন যা বিজেপির নেতারা বলতেন, এখন তা উপাচার্যরাও বলছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ এবং ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন উপলক্ষ্যে উপাচার্য আশুতোষ ঘোষের ভাষণ প্রসঙ্গে শুক্রবার এই মন্তব্য করেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার ছুটি। তাই একদিন আগেই পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর ভাষণে বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য শ্যামাপ্রসাদের অবদান সম্পর্কে বর্ণনা দেন আশুতোষবাবু। এও মনে করিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকেই প্রথম বিধানসভায় গিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম বাংলায় দীক্ষান্ত ভাষণ প্রদান, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ, উচ্চশিক্ষায় মাতৃভাষার প্রাধান্য প্রভৃতি বিষয় উঠে আসে তাঁর ভাষণে। এই প্রসঙ্গেই মন্তব্য করেন উচ্চশিক্ষা মন্ত্রী।



