Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা বিমানবন্দরের কাছে চিতাবাঘ

বাগডোগরা বিমানবন্দর লাগোয়া চা বাগানের রাস্তায় আচমকাই বেরিয়ে এল চিতাবাঘ।

বাগডোগরা বিমানবন্দরের কাছে চিতাবাঘ
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরা বিমানবন্দর লাগোয়া চা বাগানের রাস্তায় আচমকাই বেরিয়ে এল চিতাবাঘ। মঙ্গলবার ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে চিতাবাঘকে রাস্তার ধারে ছোটাছুটি করতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এদিক সেদিক দৌড়তে শুরু করে লোকজন। বিমানবন্দরের আশপাশে চা বাগানের ভিতরে এর আগে চিতাবাঘ দেখা গিয়েছে। তবে এবার চিতাবাঘকে রাস্তার ফুটপাতে ছোটাছুটি করতে দেখে আত্মারামখাঁচা অবস্থা হয় সকলের।  বিশ্বজিৎ দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ভোরে সকলে একসঙ্গে হাঁটছিলাম। আচমকা রাস্তার পাশে চিতাবাঘ দৌড়াদৌড়ি করতে দেখি। ভয়ে আমরাও নিরাপদ দূরত্বে সরে যাই। রাস্তার পাশে চা বাগানের নেটের ঘেরা টপকে যাওয়ার চেষ্টা করেও বাঘটি যেতে পারছিল না। পরে কিছুটা দূরে গিয়ে চা বাগানে ঢুকে যায়। তিনি আরো বলেন, ওই সময় আমি ও আমাদের প্রতিবেশী সহ প্রায় ৩০ জন রাস্তার ফুটপাতে ছিলাম। সাহস করে কয়েকজন মোবাইল ফোন পকেট থেকে বের করে সেই ভিডিয়োও তোলেন।  এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনবিভাগের বাগডোগরা রেঞ্জের কর্মীরা। রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, ওই এলাকায় বেশ কয়েকটি চিতাবাঘ আছে। আগেও দেখা গিয়েছিল। চা বাগানের পাশে লোকজন যাতে আবর্জনা ফেলতে না পারে সেই কারণে বাগান কর্তৃপক্ষ নেট দিয়ে ঘেরা দিয়েছে। সেই ঘেরা থাকার কারণেই চিতাবাঘটির পারাপার করতে কিছুটা সময় লেগেছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। এলাকায় বাড়তি নজর রাখা হচ্ছে। রাস্তার ধারে যাতে কেউ উচ্ছিষ্ট না ফেলেন, সেই ব্যাপারে আমাদের প্রচার চলছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ