Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বল পায়ে অনুশীলন শুরু লিও মেসির

কানসাস সিটিতে লিও মেসি বল পায়ে অনুশীলন শুরু করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য কোচ স্কালোনির পরিকল্পনা নিয়ে বিস্তারিত পড়ুন।

বল পায়ে অনুশীলন শুরু লিও মেসির
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: মাথার উপর চক্কর কাটছে হেলিকপ্টার। কালো চাদরে ঘেরা গোটা ট্রেনিং গ্রাউন্ড। চাইলেও উঁকি মেরে দেখার সুযোগ নেই। তাই বাইরে থেকেই প্রিয় দলের অপেক্ষায় প্রহর গোনেন অনুরাগীরা। ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা। কানসাস সিটির পারফরম্যান্স সেন্টারে প্রবেশ করল আর্জেন্তিনার টিম বাস। সামনেই সিটেই কোচ লায়োনেল স্কালোনি। পাশে দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার ওটামেন্ডি। তবে ট্রেনিং গ্রাউন্ডের বাইরে অপেক্ষায় থাকা অনুরাগীদের চোখ শুধুই খুঁজতে থাকে লায়োনেল মেসিকে। অবশেষে দলের প্রাণভ্রমরার দেখা মিলল। রডরিগো ডে পল আর লিয়ান্ড্রোর সঙ্গেই প্র্যাকটিস গ্রাউন্ডে পা রাখলেন লিও।

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতিতে প্রথম দু’দিন মূলত জিমেই সময় কাটান আর্জেন্তাইন মহাতারকা। তবে বুধবার অবশেষে বল পায়ে ট্রেনিং শুরু করলেন তিনি। দলের ফিজিক্যাল ট্রেনারকে সঙ্গে নিয়েই মাঠের এক প্রান্তে স্প্রিন্ট টানতে থাকেন বাঁ পায়ের জাদুকর। দূর থেকে যা দেখে চোখ চকচকে কোচ স্কানোলির। রবিবার হাঙ্গেরির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে অবশ্য মেসির খেলার সম্ভবনা কম। আসলে ইন্তার মায়ামির একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল এলএমটেনের। তাই দলের সেরা অস্ত্রকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ কোচ স্কোলোনি। প্রয়োজনে ১০ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে কিছুটা সময়ের জন্য লিওকে মাঠে দেখা যেতে পারে। মেসির পাশাপাশি চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতিতে মগ্ন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ নিয়েই ট্রেনিং শুরু করলেন তিনি। ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা আরও জোরালো হল।
এদিকে, আসন্ন বিশ্বকাপে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সুস্থ প্রতিযোগিতা চলবে লাওতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে। ২০২২’এর আসরে ইন্তার মিলান তারকাকে সামনে রেখেই প্রথম ম্যাচে দল সাজিয়েছিলেন স্কালোনি। তবে সৌদি আরবের বিরুদ্ধে মোটেই দাগ কাটতে পারেননি মার্তিনেজ। বরং সুযোগ পেয়েই দু’হাতে তা লুফে নেন আলভারেজ। টুর্নামেন্টে ৪টি গোল ছিল তাঁর নামের পাশে। পরবর্তী চার বছরে আরও ক্ষুরধার হয়েছেন এই তরুণ স্ট্রাইকার। গত মরশুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেন তিনি। অন্যদিকে, সদ্য সমাপ্ত ক্লাব মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে লাওতারো মার্তিনেজের ঝুলিতে রয়েছে ২১টি গোল। তাই আসন্ন বিশ্বকাপে কাকে প্রথম একাদশে খেলাবেন, তা নিয়ে কিছুটা হলেও দোটানায় আর্জেন্তাইন কোচ। আলভারেজের দিকে পাল্লা ভারি হলেও তাঁর হালকা চোট রয়েছে। তাই হন্ডুরাসের বিরুদ্ধে মার্তিনেজকে রেখেই দল সাজাবেন স্কালোনি। সেই ম্যাচে ভালো পারফর্ম করে অবশ্যই আলভারেজকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া থাকবেন ইন্তার মিলানের তারকা স্ট্রাইকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ