Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আলজেরিয়া ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু লিও মেসিদের

আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। গোলরক্ষক মার্তিনেজ ফিট হয়ে উঠেছেন। বিস্তারিত পড়ুন।

আলজেরিয়া ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু লিও মেসিদের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিয়ো, যা দেখে কয়েক সেকেন্ডের জন্য আঁতকে উঠতেই পারেন আর্জেন্তাইন অনুরাগীরা। শুক্রবারই জাতীয় দলের মেডিকেল দলের পক্ষ থেকে ফিট সার্টিফিকেট পান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেই মতো গ্লাভস হাতে পুরোদমে অনুশীলন শুরু করেন বিশ্বজয়ী এই দুর্গপ্রহরী। তবে হঠাৎই দেখা যায়, প্রস্তুতির মাঝপথে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গেসঙ্গে ছুটে যান সাপোর্ট স্টাফরা। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে দাঁড়ান ডিবু। ফের নেমে পড়েন প্রস্তুতিতে। আর মাঠ ছাড়ার আগে ইঙ্গিতে জানিয়ে গেলেন, তিনি ঠিক আছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কোচ লায়োনেল স্কালোনি সহ গোটা দল।

Advertisement

আগামী মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার ভোরে) আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তার আগে দলের একঝাঁক ফুটবলার চোট সারিয়ে ফেরাটা অবশ্যই ইতিবাচক দিক। মেসি, আলভারেজ, নিকো পাজ, এমিলিয়ানো সহ বেশ কয়েকজন ফুটবলার চোট নিয়েই মার্কিন মুলুকে পা রেখেছিলেন। তবে ধীরে ধীরে সকলেই ম্যাচ ফিট হয়ে উঠেছেন। প্রথম ম্যাচে পূর্ণশক্তির দলই হাতে পাচ্ছেন স্কালোনি।
বিশ্বকাপের অভিযান শুরুর আগে শুক্রবার টিম ফটোসেশনে হাজির ছিলেন মেসি-আলভারেজরা। সেখানে বেশ খোশমেজাজেই দেখা গেল আর্জেন্তাইন মহাতারকাকে। কখনও সতীর্থদের সঙ্গে খুনসুটি করলেন। কখনও আবার বেশ সিরিয়াস মুডেই ক্যামেরার সামনে পোজ দিলেন। যা দেখে আবার নিজেদের হাসি চাপতে পারেননি ডে পল, এনজো ফার্নান্ডেজরা। নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কোরা আবার খুব সহজেই সিনিয়র ফুটবলারদের সঙ্গে মিশে গেলেন।
আমেরিকায় পা রাখার পর মূলত দু’বেলা অনুশীলন করছিল আর্জেন্তিনা। শনিবার থেকে একবেলাই প্রস্তুতি সারবেন মেসিরা। এদিন স্থানীয় সময় সকাল ১১টায় কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে পা রাখেন মেসিরা। প্রথম ১৫ মিনিট মূলত ওয়ার্ম-আপ আর পাসিং ফুটবলে মহড়া সারেন তাঁরা। এরপর সংবাদমাধ্যম মাঠ ছাড়তেই আলজেরিয়া ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেন কোচ স্কালোনি। এই পর্বে সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি ছোটো ছোটো চারটি গ্রুপ করে চলে ম্যাচের মহড়া। এছাড়া উইং-প্লে’তে জোর দেন স্কালোনি।
এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার রক্ষণে রোমেরোর সঙ্গে লিসান্ড্রো নাকি ওটামেন্ডি— কে জুটি বাঁধবেন, সেটাই বড় প্রশ্ন। মাঝমাঠে অবশ্য এনজো ফার্নান্ডেজ আর পারাদেস শুরু করবেন। দুই উইংয়ে সিমিওনে ও পাজ। আর মেসির সঙ্গে জুটি বাঁধবেন আলভারেজ। তবে আতলেতিকো মাদ্রিদে খেলা স্ট্রাইকারের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। তাই লাওতারো মার্তিনেজকে শুরু দলে রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না। রবিবার ক্লোজড ডোর অনুশীলন সারবে আর্জেন্তিনা। সেখানেই চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবেন মেসিদের হেড স্যার। তবে দলের ফিজিও তত্ত্বাবোধানে আলাদাই রিকভারি সেশন সারেন নিকোলাস টাগলিয়াফিকো। তাই প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভবনা কার্যত নেই বললেই চলে।
এদিকে, আর্জেন্তিনা বনাম আলজেরিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন পোলিশ স্ট্রাইকার সিজমোন মার্কসিনিক। উল্লেখ্য, চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালেও এই পোলিশ স্ট্রাইকারই বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ