Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাম্পের সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতায় বামেদের মিছিল

অতিরিক্ত শুল্ক আরোপ সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সাম্রাজ্যবাদী নীতিই জোয়ার আনল বামেদের মিছিলে। সোমবার কলকাতায় বামদলগুলির ডাকে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে দেখা গেল উপচে পড়া ভিড়।

ট্রাম্পের সাম্রাজ্যবাদী নীতির  বিরোধিতায় বামেদের মিছিল
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অতিরিক্ত শুল্ক আরোপ সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সাম্রাজ্যবাদী নীতিই জোয়ার আনল বামেদের মিছিলে। সোমবার কলকাতায় বামদলগুলির ডাকে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে দেখা গেল উপচে পড়া ভিড়। এদিন দুপুরে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে উড়ল প্যালেস্তাইনের পতাকা, উঠল মার্কিন সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী স্লোগান। শিয়ালদহ ও হাওড়া থেকে দু’টি মিছিল এসে মিলিত হয় ধর্মতলায়। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরার কথা থাকলেও সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে মিছিল যায় কলেজ স্ট্রিটের দিকে। মিছিলের মুখ যখন সুবোধ মল্লিক স্কোয়ারে পার করছে শেষ অংশ তখনও ধর্মতলা ছাড়তে পারেনি। বামফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলি ছাড়াও এসইউসি, সিপিআই (এমএল), ছাত্র-যুব ও শিক্ষকদের সংগঠন এদিন মিছিলে যোগ দিয়েছিল। জমায়েত দেখে বামনেতারা খুশি গোপন করেননি। মিছিল থেকে বাম ঐক্য আরও দৃঢ় করার ডাকও উঠেছে। এদিনই আবার এসইউসির ছাত্র সংগঠন ডিএসও’র আর একটি মিছিল ছিল। একটা সময় বামদলগুলির মিছিল ছাত্রদের সেই মিছিলকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। ধর্মতলাতেই সংক্ষিপ্ত সভা হয়। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘কলকাতা সাম্রাজ্যবাদ বিরোধিতার এক পীঠস্থান। আমরা প্যালেস্তাইনে ইজরায়েলের হামলার নিন্দা করি। আমরা ভারতের স্বাধীন বিদেশ নীতির পক্ষে কথা বলি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কটাক্ষের সুরে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আজ চীন-ভারত একসঙ্গে বলছে, আমরা সঙ্গী। আর আমরা বামপন্থীরা এই কথা বললে আমাদের চীনের দালাল বলা হয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ