নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে ফের এসআইআর নিয়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। বিধানসভা ভোটের আগেও তারা কমিশনের দপ্তরে ধরনা দিয়েছিল।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে ফের এসআইআর নিয়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। বিধানসভা ভোটের আগেও তারা কমিশনের দপ্তরে ধরনা দিয়েছিল।
গণতান্ত্রিক মহিলা সমিতি এসআইআর নিয়ে রাজ্যজুড়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় উঠে এসেছে, কমিশন নির্ধারিত নথি থাকা সত্ত্বেও বহু মানুষের নাম ভোটার তালিকায় ওঠেনি। শনিবার বামেরা ঘোষণা করেছে, ২৫ সেপ্টেম্বর ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে কলকাতায় নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযান করবে। এদিন সাংবাদিক সম্মেলনে মহিলা সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা, সভাপতি জাহানারা খান সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ‘ভোটার তালিকায় নাম না থাকার জন্য মহিলারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা কমিশনে জিজ্ঞেস করব, নাম কেন বাদ গেল?’ মোনালিসা বলেন, ‘নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে জাত-ধর্ম নির্বিশেষে নাম বাদ দিয়েছে। পুরসভা ভোটেও কি ওঁরা ভোট দিতে পারবেন না? ট্রাইবুনাল করতে হবে স্থানীয় এলাকায়, এই দাবিও আমাদের থাকবে।’
অন্যদিকে এদিন সিপিএমের ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই’য়ের কলকাতা জেলা কমিটি ১৫ সেপ্টেম্বর শহরজুড়ে তিনটি মিছিল করার কথা ঘোষণা করেছে। ডিওয়াইএফআই’য়ের কলকাতা জেলার নেতা সোহম মুখোপাধ্যায়, শ্রীজীব গোস্বামী, এসএফআই নেতা হাসিব হোসেন বলেন, ১৫ সেপ্টেম্বর দিনটিকে আমরা দাবি দিবস হিসাবে পালন করি। ওই দিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার তারপর সন্ধ্যায় গার্ডেনরিচ ও সখেরবাজারে মিছিল হবে। সরকারি শূন্য পদে নিয়োগ, স্কুল বাঁচাও, ই ২০ পেট্রল বাতিলের দাবি সামনে রেখে মিছিল করবে ছাত্র-যুবরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ডিওয়াইএফআই রাজ্য কমিটির ডাকে ধর্মতলা থেকে মিছিল হবে।