নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন রেল স্টেশনে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করার বিরুদ্ধে শুক্রবার সমাবেশ করল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। শিয়ালদহ স্টেশনের অদূরে বিভিন্ন স্টেশনের হকাররা ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়েছিলেন। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ চললে অনশনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশ থেকে একাংশ শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে এগোলে আরপিএফ ও পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বাম নেতৃত্বের। সমাবেশ শেষে হাওড়া স্টেশনের ডিআরএমের কাছে স্বারকলিপি দিতে যান বাম নেতারা।
হাওড়া, শিয়ালদহ সহ উত্তর ও দক্ষিণ শহরতলির বেশকিছু স্টেশনে হকার উচ্ছেদ অভিযান চলছে। সেখানেও বাম নেতৃত্ব মিছিল করেছেন। পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে এই সমাবেশে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু, গার্গী চট্টোপাধ্যায়, অলোকেশ দাস, শতরূপ ঘোষ প্রমুখ। প্রাক্তন সাংসদ অলোকেশ দাস বলেন, ‘এই সমাবেশ সমস্ত রেল হকারদের। প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খেলেন। সেই ঝালমুড়ির দোকান ফেলে দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। বিধানসভায় প্রস্তাব নেওয়া হোক, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। যে জায়গায় সমস্যা রয়েছে, সেখানে আলোচনায় বসা হোক। কোনো পতাকা না নিয়ে আমরা একদিন অনশন করব।’ অনাদি সাহু বলেন, ‘হকারদের বিকল্প ব্যবস্থা করে দিলে আমরা কেন হকারি করব? আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী, রেল কর্তৃপক্ষদের বলছি, আপনারা বৈঠকে বসুন।’