Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থী কলতান দাশগুপ্তকে ঘিরে ভোট ফেরার স্বপ্ন বাম শিবিরের, কিউ আর কোড-পদযাত্রায় নজরকাড়া ভিড়

মরা গাঙে জোয়ার! নাকি বসন্তের শুকনো ডালে নতুন কুঁড়ি! সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরমহলে। কারণ, মাত্র কয়েকদিনের প্রচারে বামেদের দেওয়া কিউআর কোডে ১২ হাজারের বেশি সাধারণ মানুষ স্ক্যান করে তাঁদের মতামত দিয়েছেন।

প্রার্থী কলতান দাশগুপ্তকে ঘিরে ভোট ফেরার স্বপ্ন বাম শিবিরের, কিউ আর কোড-পদযাত্রায় নজরকাড়া ভিড়
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মরা গাঙে জোয়ার! নাকি বসন্তের শুকনো ডালে নতুন কুঁড়ি! সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরমহলে। কারণ, মাত্র কয়েকদিনের প্রচারে বামেদের দেওয়া কিউআর কোডে ১২ হাজারের বেশি সাধারণ মানুষ স্ক্যান করে তাঁদের মতামত দিয়েছেন। বেশিরভাগই সাধারণ ভোটার। ‘মুখোমুখি কলতান’ অনুষ্ঠানেও সাধারণ মানুষ হাজির হয়ে নানান প্রশ্ন করছেন প্রার্থীকে। পানিহাটির ‘ভাগ্নে’ সদা হাস্যময় কলতানকে ঘিরে মানুষের এই উৎসাহে প্রবীণ সিপিএম নেতারাও নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। যুযুধান বিরোধীদের কটাক্ষকে উড়িয়ে সিপিএম নেতৃত্বের দাবি, এবার পানিহাটিতে জয়ের জন্যই লড়ছে সিপিএম। 

Advertisement

পানিহাটির রাজনীতিতে বামেদের সঙ্গে কংগ্রেস ও পরে তৃণমূলের লড়াই ছিল সেয়ানে সেয়ানে। ১৯৯৬ ও ২০০১ সালে বিধায়ক হন নির্মল ঘোষ। ২০০৬ সালে তৃণমূলের নির্মলকে হারিয়েছিল সিপিএম। ২০১১ থেকে চলেছে তৃণমূলের দাপট। কিন্তু ২০১৯ লোকসভা ভোট থেকে পরিস্থিতির বদলাতে থাকে। বাম ভোট রামে যাচ্ছিল। একুশের ভোটে তিন নম্বরে নেমে যায় বাম-কংগ্রেস। ‘সেকেন্ড বয়’ বিজেপি পানিহাটি পুরসভায় ‘শূন্য’ হলেও সিপিএম একটি ওয়ার্ডে জিতেছিল। কিন্তু আশ্চর্যজনক ফলাফল হয়েছিল চব্বিশের ভোটে। বামেদের ভোট ১৪ হাজার বেড়ে যায়। আর বিজেপির ভোট কমেছিল প্রায় ২ হাজার। 
এবার কলতান দাশগুপ্ত প্রার্থী হতেই সিপিএমের মরা গাঙে যেন বান এসেছে। পদযাত্রা হোক বা বাড়ি বাড়ি প্রচার, বামেদের পুরানো মুখের সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে। প্রাণোচ্ছ্বল হাসিতে মানুষকে আবেগে ভাসাচ্ছেন বাম প্রার্থী। চড়কের মেলায় গিয়ে জিলিপি ভাগ করে খাচ্ছেন। রাজনৈতিক ভাষণে বিরোধীদের তুলোধোনা করতেও তাঁর জুড়ি কমই। সেইসব ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। বসে যাওয়া বা নিষ্ক্রিয় সিপিএম কর্মী-সমর্থকদের একটা বড়ো অংশ ফের পার্টি অফিসে যাচ্ছেন এবং পা মেলাচ্ছেন রাস্তার মিছিলেও। বর্ষীয়ান এক সিপিএম নেতা বলেন, অভয়া আন্দোলনে আমাদের ভূমিকা নিয়ে বিজেপি প্রার্থী যে ভাষায় আক্রমণ করেছেন, তাতে আমরা মর্মাহত। তাই সকলে পথে নেমেছি। 
বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় বলেন, সিপিএমের একমাত্র লক্ষ্য বিরোধী ভোট কেটে তৃণমূলকে জেতানো।  
রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, বিরোধীদের মধ্যে শুধু ‘দ্বিতীয়’ হওয়ার প্রতিযোগিতা চলছে। তৃণমূল প্রার্থীই বিপুল ভোটে জিতবেন।
সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, পানিহাটিতে আমার মামা বাড়ি। এই শহরের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা সবই জানি। সমাধানের দিকগুলি তুলে ধরছি। অসম্ভব ভালো সাড়া পাচ্ছি। বিজেপির অভিযোগের বিষয়ে বলেন, বিজেপির সঙ্গে জোট করেই ভোটে লড়েছিল তৃণমূল। তাদের জমানাতেই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত। মানুষ জানে, কারা ‘সেটিং’ করে চলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ