সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও সব রাজনৈতিক দল নিজেদের মতো করে ঘর সাজাতে শুরু করেছে। তবে প্রার্থী নিয়ে মুখে কুলুপ। বাম ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কাউকে বাগদা বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে তাঁরা। বাগদাবাসীর দীর্ঘদিনের দাবি একজন স্থানীয় বিধায়ক। বহিরাগতরা বিধায়ক হওয়ায় সাধারণ মানুষের প্রয়োজনে দূরে যেতে হচ্ছে। নির্বাচনের আগে স্থানীয় প্রার্থীর জন্য সওয়াল করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া কিংবা চায়ের ঠেক, সেখানে উঠে এসেছে স্থানীয় প্রার্থী প্রসঙ্গ। বাসিন্দাদের দাবি, স্থানীয় বিধায়ক হলে যেমন সুবিধা হবে তেমনি উন্নয়ন হবে এলাকার। একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল বাগদা। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের কমলক্ষ্মী বিশ্বাস বাগদা থেকে পাঁচবারের বিধায়ক হন। ২০২৪ সালে উপ নির্বাচনে কমলক্ষী বিশ্বাসের পুত্রকে প্রার্থী করেছিল দল। এবছরও বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে বলে জানা যাচ্ছে। তবে প্রার্থী কে হবেন সেবিষয়ে মুখ খোলেনি কেউ। উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম সাধারণ সম্পাদক পলাশ দাস বলেন, ‘প্রার্থী কে হবেন তা দলের নিয়ম মেনে ঘোষণা করা হবে। তবে বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে।’



