গল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে ভারত। ফাইনালে ওঠার রাস্তা বেশ কঠিন। অধিনায়ক শুভমান গিলের ফোকাস অবশ্য সেদিকেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার আগের দিন তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য আগামী বছরের ডব্লুটিসি ফাইনালে জায়গা নিশ্চিত করা। তার জন্য হাতে রয়েছে ৯টা টেস্ট। এরমধ্যে ৬-৭টাতে জিতলে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। এই সিরিজ সেজন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতিও ঠিকঠাক হয়েছে।’
শনিবার ৬০০তম টেস্টে নামছে ভারত। এর আগে ৫০০তম টেস্টে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। আর শততম টেস্টে টস করতে গিয়েছিলেন মনসুর আলি খান পতৌদি। গিলের গলায় তাই বাড়তি আবেগ, ‘৬০০তম টেস্টে নেতৃত্ব দিতে পারা বিশাল সম্মানের। অবশ্য দেশের হয়ে যে কোনো টেস্টেই অধিনায়ক হিসাবে নামা গর্বের। তবে স্বাধীনতা দিবসে ৬০০তম টেস্টে টস করতে যাওয়ার কথা ভাবলেই রোমাঞ্চ হচ্ছে। আমার কাছে এটা আরও স্পেশাল হয়ে উঠছে।’
গিলের নেতৃত্বে এখনও কোনো বড়ো টেস্ট সিরিজ জেতেনি ভারত। ইংল্যান্ডে ২-২ ড্র হয়েছে সিরিজ। আর দেশের মাঠে শোচনীয়ভাবে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। তিনি বলেছেন, ‘নেতৃত্ব উপভোগ করছি। সঠিক পথেই এগচ্ছে দলও।’ এই টেস্টে স্পিনারদের জন্য বেশি সাহায্য মজুত থাকবে পিচে, জানিয়েছেন তিনি। বিশেষ করে বল পুরানো হয়ে গেলে স্পিনাররা আরও সমস্যা তৈরি করবেন বলে মত তাঁর।
ফিট না হওয়ায় যশপ্রীত বুমরাহ, সাই সুদর্শন এই সিরিজে নেই। তবে পরিবর্ত হিসাবে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের উপর আস্থা রেখেছেন গিল। ক্যাপ্টেনের কথায়, ‘আমাদের দলে প্রতিভা ও স্কিলের কমতি নেই। যারা সুযোগ পাবে, তারা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। তবে খেলায়াড়দের সময় দিতে হবে। আমিও শুরুতে খুব একটা ধারাবাহিক ছিলাম না। কিন্তু দল আমার উপর ভরসা রেখেছিল।’