Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

হামলাকারীদের গ্রেপ্তারির দাবিতে পথে আইনজীবীরা, অবরুদ্ধ বিস্তীর্ণ কলকাতা

ব্যাঙ্কশালে আইনজীবী নিগ্রহ‑কাণ্ডে মূল অভিযুক্ত সহ বাকিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার অফিসপাড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবরোধ-বিক্ষোভে শামিল হন আইনজীরা।

হামলাকারীদের গ্রেপ্তারির দাবিতে পথে  আইনজীবীরা, অবরুদ্ধ বিস্তীর্ণ কলকাতা
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশালে আইনজীবী নিগ্রহ‑কাণ্ডে মূল অভিযুক্ত সহ বাকিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার অফিসপাড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবরোধ-বিক্ষোভে শামিল হন আইনজীরা। টানা প্রায় চার ঘণ্টার অবরোধ-বিক্ষোভের জেরে গোটা অফিসপাড়া, স্ট্র্যান্ড রোড, বড়বাজার, বিবাদীবাগ সহ গোটা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। যার প্রভাব এসে পড়ে উত্তর, পূর্ব ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে। শহরের বিভিন্ন প্রান্তে গলিঘুঁজিও আটকে যায় যানবাহনের সারিতে। চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। ঘেঁটে যায় পুজো শপিংও। আদালত সূত্রের খবর, বিচারভবনের মুখ্য বিচারক সুদীপ্তকুমার দে আইনজীবী সংগঠনের কর্তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে, বিকেলে এই অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়। 

Advertisement

ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সংগঠন সূত্রের খবর, মুখ্য বিচারক বিষয়টি নিয়ে এদিন সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তবে আইনজীবীরা সাফ জানিয়েছেন, মূল অভিযুক্ত সহ বাকিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আদালতে তাঁদের কর্মবিরতি জারি থাকবে। প্রসঙ্গত, আইনজীবীদের উপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মাত্র দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিশিষ্ট আইনজীবী শামিম আহমেদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রতিবাদে এদিন হাইকোর্টের বি-গেট থেকে আইনজীবীরা মিছিল করে ব্যাঙ্কশাল কোর্ট পর্যন্ত যান। 
ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীরা এদিন জিপিও সংলগ্ন এলাকা, স্ট্র্যান্ড রোড, হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট সংযোগস্থল চত্বর অবরোধ বিক্ষোভে শামিল হন। এই আন্দোলনে সমর্থন জানিয়ে শহরের অন্য আদালত থেকেও আইনজীবীরা অবরোধ বিক্ষোভে অংশ নেন। বেলা যত বেড়েছে, অবরোধ বিক্ষোভে আইনজীবীদের সংখ্যা ততই বাড়তে থাকে। ততক্ষণে অফিসপাড়াকে ঘিরে চারদিকে গাড়ির সারিতে অবরুদ্ধ গোটা এলাকা। অবরোধ-বিক্ষোভে শামিল হন ল‑ইয়ারর্স ক্লার্কদের একাংশ। সংগঠনের ব্যাঙ্কশাল ইউনিটের সম্পাদক বাপন চক্রবর্তী বলেন, ‘মানবিক’ কারণেই আমরা এই আন্দোলনে অংশ নিয়েছি।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারীকে উদ্দেশ্যে করে কটূ মন্তব্য করার অভিযোগে গত বৃহস্পতিবার ইউটিউবার দীপক ব্যাপারিকে গ্রেপ্তার করে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়েছিল। একদল বহিরাগত কোর্টে ঢুকে ওই ইউটিউবারকে লক্ষ্য করে ডিম ছোড়ে। অভিযোগ, তা নিয়ে প্রতিবাদ জানালে বিক্ষোভকারীরা কয়েকজন আইনজীবীকে মারধর করে। আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীরা এক হামলাকারীকে যুবককে ধরে  পুলিশের হাতে তুলে দেন। এরপর গ্রেপ্তার করা হয় আরও একজনকে। কিন্তু ঘটনার পাঁচদিন পরেও মূল অভিযুক্ত সহ বাকিদের গ্রেপ্তারের ক্ষেত্রে গড়িমসির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সংগঠনের দুই কর্তা সঞ্জয় সিং ও রাজা সেনগুপ্ত বলেন,‘পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করুক। তাহলেই আমরা লাগাতার কর্মবিরতি তুলে নেব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ