নয়াদিল্লি: গত ১০ অক্টোবর জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনের সমর্থনে নামায় পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়েছিল আইনজীবীদেরও। তার প্রতিবাদে আইনজীবীরা সোমবার দিল্লি হাইকোর্ট চত্বরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করলেন। মাথায় কালো ফিতে বেঁধে আদালতে আসেন দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দুপুর দেড়টা নাগাদ আদালত চত্বরেই তাঁরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজশেখর রাও, ওয়ারিশা ফারাসাত, দিয়া কাপুরের মতো নামী আইনজীবীরা।
এদিন প্রতিবাদে যোগ দিয়েছিলেন আইনজীবী স্বাতী সিং মালিকও। গত শনিবার যন্তরমন্তরে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। জোর করে তাঁকে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। স্বাতী জানিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে তিনি সংবিধানের একটি পোস্টার নিয়ে বেরিয়েছিলেন। মান্ডি হাউজের কাছে তাঁকে আটক করে পুলিশ। পোস্টারটি ছিঁড়ে দেওয়া হয়। বাসটি বিকল হয়ে গেলে তিনি হেঁটেই যন্তরমন্তরে যাওয়ার চেষ্টা করছিলেন।



