Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে সবজি কিনে আইনজীবীর সাবধানবাণী, ‘বিজেপিকে ভোট নয়’

ছুটির রবিবারের সকালে থলি হাতে বাজারে যেতে অভ্যস্ত বাঙালি। কাঁচা আনাজ থেকে রুই, কাতলার দর কত, তা নিয়ে বাঙালির তর্ক চলতেই থাকে

ঝাড়গ্রামে সবজি কিনে আইনজীবীর সাবধানবাণী, ‘বিজেপিকে ভোট নয়’
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ছুটির রবিবারের সকালে থলি হাতে বাজারে যেতে অভ্যস্ত বাঙালি। কাঁচা আনাজ থেকে রুই, কাতলার দর কত, তা নিয়ে বাঙালির তর্ক চলতেই থাকে। কিন্তু এখানে তো গৃহস্বামী দশটা পাঁচটার চাকুরে নন, তিনি খোদ শাসকদলের ভোটপ্রার্থী। ফলে রবিবারের সকালে প্রচারের সঙ্গে থলে নিয়ে বাজারটাও সেরে ফেললেন আইনজীবী তথা ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন। 

Advertisement

সকালে উঠে বাজার করার নিত্য অভ্যাস মঙ্গলবাবুর। এদিন সেই নিয়ম মেনেই প্রচারে বেরনোর আগে স্ত্রী বাজারের থলি হাতে ধরিয়ে দেন। প্রচারের সঙ্গে  বাজারে ঢুকে করলা, লাউ, শসা, সজনের ডাটা বেছে বেছে কিনলেন। তৃপ্তিভরা মুখে কাঁচা আনাজ থলেতে ভরতে ভরতে তাঁর সাবধানবাণী, বিজেপিকে ভোট দিলে কিন্তু ঠকার সম্ভাবনা রয়েছে।
এদিন ঝাড়গ্রাম শহরের লোকাল বোর্ড সংলগ্ন সবজি বাজারে সকাল থেকেই ক্রেতার ভিড় ছিল। প্রার্থীকে নিয়ে এলাকায় কর্মসুচির আয়োজন করা হয়েছিল। লোকাল বোর্ডের তৃণমূল কার্যালয়ে সাড়ে ৮ টা থেকে দলের নেতা কর্মীরা ভিড় জমাতে থাকেন। মিনিট দশ পনেরোর মধ্যেই প্রার্থীকে নিয়ে প্রচার অভিযান শুরু হয়। লোকাল বোর্ডের  কার্যালয় থেকে জেলা আদালত যাওয়ার দু’'পাশের রাস্তায় বহু সবজির দোকান রয়েছে। তৃণমূল প্রার্থী মঙ্গলবাবু রাস্তায় দাঁড়িয়ে, কখনও সেই বাজারে ঢুকে সবজি কিনতে কিনতেই বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এদিন বাজারের পাশাপাশি স্থানীয় এক মন্দিরে প্রার্থীকে নিজের হাতে ভক্তদের পাতে খাবার বিতরণ করতে দেখা গিয়েছে। মঙ্গলবাবু জঙ্গলমহলের রাজনীতিতে তত পরিচিত মুখ নন।‌ ভোটে দাঁড়িয়ে ঝাড়গ্রাম বিধানসভার মানুষের জন্য তিনি শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনে গুরুত্ব দিতে চান বলে জানান। মঙ্গলবাবু বলেন, সকালে ভোট প্রচারের জন্য বার হচ্ছিলাম। অভ্যাসবশত স্ত্রী বাজারের থলি আমার হাতে ধরিয়ে দেন। প্রথমে ভেবেছিলাম বাজার করে প্রচারে বের হব। কিন্তু তাড়া থাকায় বাজার করতে করতেই প্রচার সেরে ফেলি। দলীয় কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষ কিন্তু বিষয়টি ভালোভাবে নিয়েছেন। সবজি বিক্রেতা বৃদ্ধা নিহার মাঝি বলেন, আমার কাছ থেকে উনি করলা, শসা কিনেছেন। যা দাম সেটাই দিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে এমন লোকদেরই চাই আমরা। অপর বিক্রেতা কালীচরণ পালের কথায়, দলীয় কর্মীদের নিয়ে সকালে এখানে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী। আচমকাই সামনে এসে নিজেই বেছে বেছে সবজি কিনলেন।  পুরসভার তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবাবু সহজ সরল মানুষ। ওঁর আচরণ নেতা, কর্মীদের মন জয় করে নিয়েছে।  উনি এদিন প্রচার ও বাজার করে মাঠে নেমে ভোটে লড়ার বার্তা দিয়ে দিলেন। 
রবিবার ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে সবজি কিনলেন বিজেপি প্রার্থী মঙ্গল সরেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ