Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইন না মানার প্রবণতা নিউটাউনে, ২ মাসে দুর্ঘটনার বলি ৮

স্মার্ট সিটিতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত দু’মাসে নিউটাউনের রাস্তায় মৃত্যু হয়েছে ৮ জনের

আইন না মানার প্রবণতা নিউটাউনে, ২ মাসে দুর্ঘটনার বলি ৮
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্মার্ট সিটিতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত দু’মাসে নিউটাউনের রাস্তায় মৃত্যু হয়েছে ৮ জনের। তাঁদের মধ্যে ৭ জনই বাইক চালক। কেউ গাড়ির ধাক্কায়, কেউ ডিভাইডারে ধাক্কা দিয়ে, কেউ প্রাণ হারিয়েছেন বাইকের সঙ্গে বাইকের ধাক্কায়। বিধাননগর কমিশনারেটে গত দু’মাসে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১০। তার মধ্যে নিউটাউনেই ঘটেছে ৮টি। পুলিশের দাবি, এক শ্রেণির মানুষের বেপরোয়া মনোভাব এবং ট্রাফিক আইন না মানার প্রবণতার কারণে দুর্ঘটনা ঘটছে। ফলে অন্যের দোষে অনেক নিরীহ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। নিউটাউনে দুর্ঘটনার ঘটনা খতিয়ে দেখে এমন তথ্য পেয়েছে পুলিশ।

Advertisement

১১ মার্চ, বুধবার রাতে নিউটাউনে যাত্রাগাছি মেট্রো স্টেশন সিগন্যালে পরপর গাড়ির ধাক্কা। বেঘোরে প্রাণ যায় এক বাইক চালকের। পুলিশ জানিয়েছে, একটি সাদা রঙের গাড়ির বেপরোয়া মনোভাব এবং ট্রাফিক আইন না মানার জন্য দুর্ঘটনা ঘটে। গাড়িটি আচমকা সিগন্যাল না মেনে ইউ টার্ন নেয়। তখন রাস্তায় হঠাৎ গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে একটি কালো গাড়ি সাদাকে গাড়িটি সহ দু’টি অন্য গাড়িতে ধাক্কা দেয়। তারপর বাইক চালককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ যায় বাইক চালকের। অর্থাৎ অন্যের দোষে দুর্ঘটনার বলি হন বাইক চালক।
২৮ জানুয়ারি টেকনো সিটি থানার কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন চাপনা এলাকায় গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়। গাড়িটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দিয়েছিল। এছাড়াও বেপরোয়া গতি এবং নিয়ন্ত্রণহীন হয়ে গাড়ি ও বাইক চালানোর ফলে কয়েকটি দুর্ঘটনা ঘটে। ৬ জানুয়ারি নিউটাউনের পাথরঘাটা–বাদামতলা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যান উলটে যায়। মৃত্যু চালকের। ১৩ জানুয়ারি নিউটাউন–যাত্রাগাছি বাগজোলা খালপাড়ের রাস্তায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই মৃত। ২৫ জানুয়ারি ইকোপার্কের সামনে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে এক বাইক চালক মারা যান। ২৯ জানুয়ারি বন্দের মোড় সংলগ্ন ঘুণির দিকে যাওয়ার রাস্তায় দেওয়ালে ধাক্কা দিয়ে এক স্কুটার চালকের মৃত্যু হয়। এর পাশাপাশি নিউটাউনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে দুর্ঘটনায় জখমের সংখ্যা বহু। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’তে দুই বান্ধবীকে নিয়ে জয় রাইডে বেরিয়েছিলেন এক যুবক। বন্দের মোড় এলাকায় বিশ্ববাংলা সরণিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে খেলনা গাড়ির মতো উলটে যায় গাড়িটি। তার পরের দিন বলাকার কাছে বেপরোয়া গতির জেরে ডিভাইডারে ধাক্কা দিয়ে একটি গাড়ি উল্টে যায়। জখম হন দু’জন। এক পুলিশ আধিকারিক বলেন, সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি সহ সারা বছর সচেতনতা চালানো হয়। তবুও মানুষের একাংশের মধ্যে আইন ভাঙার প্রবণতা থাকে। তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ