নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হয়েছেন আলোলিকা মুখোপাধ্যায়। ১৫ আগস্ট, শনিবার। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন মার্কিন প্রবাসী। থাকতেন যুক্তরাষ্ট্রে ওয়েনে। স্থানীয় মানুষের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন তিনি। আলোলিকা ছিলেন শিক্ষানুরাগী। সাহিত্যের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। লেখিকা ও সাংবাদিক হিসাবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। আমেরিকায় বসবাস করলেও তাঁর শিকড় বা বাংলার সঙ্গে তাঁর যোগযোগ ছিল নিবিড়। বাঙালি ঐতিহ্যের সঙ্গে গভীর সংযোগ বজায় রেখেছিলেন। লেখালিখির সূত্রে ‘বর্তমান’ পত্রিকা গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সিকি শতকের। এছাড়া কলকাতার আরও একাধিক বাংলা পত্রিকায় তিনি ফিচার, গল্প প্রভৃতি লিখেছেন। তাঁর একাধিক সাহিত্যগ্রন্থ কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। নিজের লেখার মাধ্যমে আলোলিকা যুক্তরাষ্ট্রের নানা গল্প, দৃষ্টিভঙ্গি এবং সংবাদ ভারতের পাঠকদের কাছে পৌঁছে দিতেন। এভাবেই তিনি তাঁর ভালোবাসার এই দুটি সম্প্রদায়ের মধ্যে এক অর্থবহ সেতুবন্ধনে ব্রতী ছিলেন। তিনি নৃত্য শেখাতেন এবং নিউ জার্সি ও নিউ ইয়র্ক শহরে ভারতীয় সংগীত-ভিত্তিক পরিবেশনা, রচনা ও পরিচালনার কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রেখে গিয়েছেন স্বামী ভবানী মুখোপাধ্যায়, কন্যা শ্রী (ববি) মুখোপাধ্যায়-বৈদ ও তাঁর সুন্দর পরিবারকে। আমেরিকাতেই আলোলিকার শেষকৃত্য সম্পন্ন।



