নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার চিৎপুরের প্রবীণ যাত্রা প্রযোজক সুভাষ মিত্রের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। বিভিন্ন যাত্রা সংগঠনের পক্ষ থেকে তাঁকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শোক প্রকাশ করেছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সুভাষবাবুর ‘চন্দ্রলোক’ ও ‘লোকবন্দনা’ অপেরা প্রযোজিত বেশ কয়েকটি যাত্রাপালা একসময় সাড়া ফেলেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘মা এক মন্দির’, ‘পাণ্ডবজননী কুন্তি’, ‘ভীষ্মজননী গঙ্গা’, ‘বন্দিনী যশোদা’ প্রভৃতি। যাত্রা প্রযোজনায় বিশেষ অবদানের জন্য একসময় জ্যোতি বসুর হাত থেকেও পুরস্কার পেয়েছিলেন তিনি। কলকাতা যাত্রা সম্মেলনের বিবৃতিতে বলা হয়েছে, ‘সুভাষবাবুর মৃত্যুতে যাত্রা জগতের অপূরণীয় ক্ষতি হল।’



