শ্রীনগর, ৮ জুলাই: জম্মু কাশ্মীরে বড়ো সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের সাইদপোরা এলাকায় টানা পাঁচ দিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। এরপরই আসে সাফল্য। সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গি কমান্ডার জাকির আহমেদ গনিকে খতম করা হল এনকাউন্টারে। ঘটনাস্থল থেকে জঙ্গির দেহ সহ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।
সেনা সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন আগে সাইদপোরা এলাকার একটি ঘন ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় ধরা পড়ে দুই জঙ্গি জাকির আহমেদ গনি এবং লাতিফ ভাটের আনাগোনা। তদন্তকারীদের সন্দেহ, এরা দু’জনেই দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামের বাসিন্দা। এই দুই জনের খোঁজে মোট পাঁচ দিন ধরে বিশেষ অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশ। এই অভিযানের জেরে মোট ৭টি গ্রামে শুরু হয় তল্লাশি। এরপর এলাকার একটি ফলের বাগানে জঙ্গিদের খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। খোঁজ পেতেই বাগানটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে সেনার জওয়ানরা। কোনোভাবে যেন জঙ্গিরা পালাতে না পারে সেই কারণে সমস্ত পথ বন্ধ করার পাশাপাশি এলাকায় প্রচুর পরিমাণে আলো লাগানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে। এরপর বাগানের ভিতরে প্রবেশ করতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাবে গুলি চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শেষ পর্যন্ত দীর্ঘ গুলির লড়াইয়ের পর জঙ্গি জাকিরের মৃত্যু হয় বলে সেনা সূত্রে খবর। জাকিরের মৃত্যু হলেও আরেক জঙ্গি লাতিফ ভাট পালায়। তার খোঁজে চিরুনি তল্লশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ দমনে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।