ইসলামাবাদ: মার্চে খুন হন লস্কর-ই-তোইবার কমান্ডার বিলাল আরিফ সারাফি। এপ্রিলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয় লস্কর-ই-তোইবার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদির। লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল সে। এবার মৃত্যু হল আর এক শীর্ষ লস্কর কমান্ডারের। নাম কারি সৈয়দ আবদুল আজিজ। শনিবার ইসলামাবাদের একটি মসজিদ থেকে তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন কাবা মসজিদে যাওয়ার আগে পথে একটি অচেনা রেস্তরাঁ থেকে খেয়েছিল আজিজ। এরপরই অসুস্থতা বোধ করে। মসজিদের গেটে পৌঁছে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তেই মৃত্যু হয় তার। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোন রেস্তরাঁয় কী খেলেন, সেই বিষয়টি নিয়েও রহস্য দানা বেঁধেছে। জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে খতম জঙ্গিদের পরিবারকে সাহায্য করার দায়িত্ব ছিল আজিজের উপর। লস্কর সংগঠনে মূলত এই বিভাগটাই সামলাত সে। দিনকয়েক আগে লস্করের এক শীর্ষ নেতা রিজওয়ান হানিফ দাবি করে, গত তিন-চার বছরে পাকিস্তানের মধ্যেই আজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে সংগঠনের প্রায় ৩০ জন খুন হয়েছে। এরই মাঝে সামনে এল কারি সৈয়দ আবদুল আজিজের মৃত্যু সংবাদ।



