Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

হিমাচলের রাস্তায় ধস, মৃত্যু ১৩ পর্যটকের

হিমাচলের রাস্তায় ধস, মৃত্যু ১৩ পর্যটকের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিমলা: হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ১৩ জনের। ওই দুর্ঘটনায় আরও ৩০ জন এখনও নিখোঁজ। শুক্রবার বিকেলে হঠাৎ করেই রেকং পিও-সিমলা হাইওয়েতে ধস নামে। এর জেরে বহু গাড়ি বোল্ডারের নীচে চাপা পড়ে। অনেক পর্যটককে এখনও উদ্ধার করা যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

ঘটনার সময় একটি সরকারি বাস, ট্রাক ও বেশ কয়েকটি গাড়িতে পর্যটকরা সিমলার উদ্দেশে যাচ্ছিলেন। তখনই পাহাড় থেকে হঠাৎ করে বোল্ডার নামতে থাকে। সব মিলিয়ে অন্তত ৪০ জন যাত্রী বাসে ছিলেন বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নীচে আরও ২৫-৩০ জন আটকে থাকতে পারেন। ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে একের পর এক বোল্ডার নেমে গাড়ি ও বাসের উপর পড়ছে। আইটিবির অন্তত ২০০ জন জওয়ান উদ্ধারকাজ চালাচ্ছেন। বাহিনীর এক মুখপাত্র বিবেক পান্ডে বলেন, ‘আশা করছি, গোটারাত ধরেই উদ্ধারকাজ চলতে পারে। বর্তমানে ওই এলাকার অবস্থা অত্যন্ত ভয়ংকর।’ 
রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, এনডিআরএফকেও উদ্ধারকাজের জন্য ডেকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। বিগত কয়েক সপ্তাহ ধরেই হিমাচলের নানা জায়গায় লাগাতার বৃষ্টি চলছে। এর জেরে আগেও একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। গত মাসেই কিন্নরে ধসের জেরে নয় পর্যটকের মৃত্যু হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ