নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনার স্তূপে ধস নামল। বৃহস্পতিবার দুপুরে লিলুয়ার বি রোড, হরিশ কলোনি সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আবর্জনার পাহাড়ের উপর থেকে বেশ কিছুটা অংশ নীচে ধসে পড়ে। তার নীচে থাকা একটি অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় ওই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বেলগাছিয়া ভাগাড়ের আবর্জনার পাহাড় বায়োমাইনিং পদ্ধতিতে কাটার কাজ চলছে। কিন্তু কয়েকদিন টানা বৃষ্টির জেরে সেই কাজ বন্ধ ছিল। পুরসভার আধিকারিকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত বৃষ্টিতে আবর্জনার স্তূপের উপরের অংশের মাটি আলগা হয়ে যাওয়াতেই এই ধস। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেই পুরসভার দাবি।
যদিও পুরসভার এই আশ্বাসে আশ্বস্ত নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে ফের বড়োসড়ো ধস নামতে পারে। সেক্ষেত্রে সংলগ্ন বস্তির একাধিক অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে বেলগাছিয়া ভাগাড়ে ভয়াবহ ধস নেমেছিল। তাতে উত্তর হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু অস্থায়ী ঝুপড়ি ঘর ভেঙে যায়। এরপরই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বেলগাছিয়া ভাগাড়। নিজস্ব চিত্র