গুয়াহাটি: দুটি পৃথক ভূমিধসের ঘটনায় অসমের গুয়াহাটিতে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন সদস্য। মনে করা হচ্ছে, মঙ্গলবার সকাল থেকে লাগাতার ভারী বৃষ্টির কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে। শহরের বেশ কিছু এলাকা প্লাবিত বলেও জানা গিয়েছে।
অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ধস নামে মঠঘরিয়া এলাকার একটি বাড়ির উপর। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় পরিবারের চার সদস্য। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতি ও তাঁদের কন্যার। পুত্র কোনোভাবে একটি ড্রামে ঢুকে যাওয়ায় ভয়াবহ ওই বিপর্যয় থেকে রক্ষা পায়। তাঁকে উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে সাতগাঁও এলাকাতেও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, পাহাড় থেকে একটি পাথরের চাঁই ওই বৃদ্ধার বাড়ির উপরে পড়েছিল। ঘটনায় ওই পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।



