Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি নেতাকে পাশে রেখে চাষিদের হুমকি মাটি মাফিয়াদের, নবদ্বীপজুড়ে শোরগোল

নবদ্বীপে চাষিদের বিরুদ্ধে মাটি মাফিয়াদের হুমকি। স্থানীয় বিজেপি নেতার সঙ্গে যুক্ত হয়ে চাষিদের ভয় দেখানো হচ্ছে। বিস্তারিত পড়ুন।

বিজেপি নেতাকে পাশে রেখে চাষিদের হুমকি মাটি মাফিয়াদের, নবদ্বীপজুড়ে শোরগোল
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: মাটি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তারজন্য জুটছে হুমকি। পাট ছাড়াতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে চাষিদের। স্থানীয় এক বিজেপি নেতাকে পাশে রেখে হুমকি দিচ্ছে মাটি কারবারিরা, এমনটাই অভিযোগ চাষিদের। এনিয়ে থানার দ্বারস্থ হয়েছেন চাষিরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। সরকার পরিবর্তন হলেও নবদ্বীপে কমেনি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। আগে শাসকদল তৃণমূলের ছত্রছায়ায় কারবার চালাত মাফিয়ারা। আর এখন বিজেপি নেতাদের সঙ্গে ম্যানেজ করে চলছে কারবার। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙা এলাকার কৃষিজমি থেকে দেদার মাটি কাটা হচ্ছে। মাটি কাটার ফলে কৃষি জমিগুলি পুকুরের চেহারা নিয়েছে। মাটি মাফিয়াদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। গত শুক্রবার সকালে খবর পেয়ে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দু’টি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে। তারপরই চাষিরা এনিয়ে সরব হন। অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পর দুপুরে বিজেপির স্থানীয় এক বুথ সভাপতিকে সামনে রেখে এলাকার এক মাটি কারবারি তাঁদের হুমকি দেয়। ফরেস্টডাঙা চৌধুরীপাড়ার বাসিন্দা বৃদ্ধ পাটচাষি শিবশঙ্কর চৌধুরী বলেন, এক মাস ধরে এই এলাকায় অবাধে মাটি কাটা হচ্ছে। মাটি কাটার ফলে আমাদের চাষের জমির ক্ষতি হচ্ছে। বিষয়টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আমাকে জিজ্ঞাসা করলে প্রকৃত ঘটনাটি বলি। পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা চলে যাওয়ার পরে ওরা আমাকে বলে, তুমি কেন মুখ খুললে। আমি ওদের বলি, যা সত্যি তাই বলেছি। এটাই মাটি কারবারিদের রাগ। তিনি আরও বলেন, আমাকে বলেছে এখানে পাট ছাড়াতে দেবে না। স্থানীয় বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে গালিগালাজ করে। পাশাপাশি আমাকে মারধর ও জেল খাটাবে, থানায় ভরবে বলে হুমকি দেয়। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। শুক্রবার দুপুরে ওদের হুমকির ভয়ে আমার পাট ছাড়ানোর শ্রমিকরা কাজ ছেড়ে চলে গিয়েছে। রাতেই নবদ্বীপ থানায় বিষয়টি আমি জানিয়েছি। যদিও মাটি কারবারিদের দাবি, তারা রেভিনিউ দিয়ে মাটি কাটছে। নতুন ঘোলাপাড়ার প্রতাপ ঘোষ বলেন, রয়্যালটি দিয়ে আমরা মাটি কাটছি। এর আগে দু’বার রয়্যালটি দিয়ে মাটি কেটেছি। আমরা তৃণমূলের আমল থেকে ব্যবসা করছি। আমরা এখন বিজেপি করি। বিজেপির ২১৫ নম্বর বুথ সভাপতি অসীম ঘোষ বলেন, পাড়ায় আলোচনা হচ্ছিল একটা ঝামেলা হচ্ছে। সেই জন্য ওখানে গিয়েছিলাম। আমি জানি রয়্যালটি দিয়ে মাটি কাটা হচ্ছে। হুমকির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যাতে কোনো ঝামেলা না হয়, সেজন্যই কিছু সময়ের জন্য চাষিদের উঠতে বলেছিলাম। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী বলেন, অবৈধভাবে কেউ মাটি কাটলে প্রশাসনিকস্তরে কথা বলে যা যা করণীয় করব। স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে আমি এব্যাপারে পদক্ষেপ নেব। জেলাজুড়ে অবৈধ মাটি কাটা যাতে বন্ধ হয় বিষয়টি আমরা নজরে রাখছি। অবৈধ মাটি কাটার ব্যাপারে কোনো দলীয় নেতা-কর্মী জড়িত থাকলে আগামী দিন সংগঠন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ